ইউনাইটেডের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত স্কোলস

আশির দশকের দুর্দান্ত লিভারপুলের ছবিটাই যেন ভেসে উঠছে পল স্কোলসের সামনে। ২০ বছরে ১১টি লিগ শিরোপাজয়ী ক্লাবটি যেন হঠাৎ করেই আটকা পড়ে যায় ব্যর্থতার ঘেরাটোপে। ১৯৯০ সালের পর আর একটি শিরোপাও জিততে পারেনি অল রেডরা। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্যেও তেমন কিছুই ঘটতে যাচ্ছে কি না, সেটা ভেবে শঙ্কিত স্কোলস।
লিভারপুল যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই যেন শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালুর পর থেকে তারা জিতেছে ১৩টি শিরোপা। কিন্তু গত মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর সপ্তম অবস্থান নিয়ে লিগ শেষ করতে হয়েছে রেড ডেভিলদের। এবারের মৌসুমে এ সময়ের অন্যতম সেরা কোচ লুইস ফন গালকে কোচের আসনে বসিয়েও শুরুটা ভালোভাবে করতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির বিপক্ষে হারতে হয়েছে ২-১ গোলে। স্কোলস প্রিয় দলের এই অবস্থায় শঙ্কিত হবেন, এটাই তো স্বাভাবিক। সম্প্রতি এক সাক্ষাত্কারে এই ইংলিশ মিডফিল্ডার বলেছেন, ‘আমি ইউনাইটেডকে নিয়ে সত্যিই শঙ্কিত। ১৯৯০-এর দশকের লিভারপুলের মতো তারাও ব্যর্থতার পাকে আটকা পড়তে পারে।’
প্রিয় ক্লাবের এমন করুণ পরিণতি যেন না হয়, সেজন্য কিছু উপায়ও বাতলে দিয়েছেন স্কোলস। খুব দ্রুতই কিছু নতুন খেলোয়াড় দলে ভিড়িয়ে নতুনভাবে শুরুর পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা এই মিডফিল্ডার, ‘তাদের কী দরকার? পাঁচজন খেলোয়াড়। পাঁচজন উপযুক্ত খেলোয়াড়, যারা খেলাটা দারুণভাবে শুরু করতে পারবে আর পুরো পরিস্থিতিটা বদলে দিতে পারবে। যে ক্লাবটির হয়ে আমি আমার পুরো ফুটবলজীবনটা পার করেছি, সেই ক্লাবের সমালোচনা করতে করতে আমি ক্লান্ত। কিন্তু ইউনাইটেডকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।’
এবারের মৌসুমের শুরুতে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কিছু খেলোয়াড় দলে ভিড়িয়েছে। লুক শ, আন্দ্রে হেরেরা, মার্কোস রোহোদের এখন থেকে দেখা যাবে ম্যানইউয়ের জার্সি গায়ে। কিন্তু তাতে ভাগ্য বদলাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।