এমন ম্যাচের সময়েও গার্দিওলা গলফ খেলবেন

• আজ ওয়েস্টব্রমের বিপক্ষে ইউনাইটেড হারলেই সিটি চ্যাম্পিয়ন
• কিন্তু সিটি কোচ পেপ গার্দিওলা এ ম্যাচ না দেখে ছেলের সঙ্গে গলফ খেলবেন
টটেনহাম হটস্পারকে কাল রাতে ৩-১ গোলে হারিয়ে লিগ শিরোপায় এক হাত দিয়ে রেখেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। সমীকরণটা এখন পরিষ্কার। আর মাত্র ৩ পয়েন্ট, মানে এক জয় চাই সিটির কিংবা আজ ওয়েস্টব্রমের কাছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের হার—তাহলেই গার্দিওলার শিষ্যরা চ্যাম্পিয়ন!
৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। দ্বিতীয় ইউনাইটেডের সংগ্রহ ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট। সিটির হাতে রয়েছে আর ৫ ম্যাচ, তাদের প্রতিবেশী ইউনাইটেডের হাতে ৬ ম্যাচ। গার্দিওলার শিষ্যরা ২২ এপ্রিল সোয়ানসি সিটির বিপক্ষে পরের ম্যাচটি খেলবেন। এ ম্যাচে জিতলেই সিটির জয় নিশ্চিত হবে। কারণ, তখন সিটির সংগ্রহ দাঁড়াবে ৯০ পয়েন্ট, যা ইউনাইটেড বাকি ৬ ম্যাচ জিতলেও ছুঁতে পারবে না।
আবার ইউনাইটেডের হারের কল্যাণে তার আগেই সিটির লিগ জয় নিশ্চিত হতে পারে। ঘরের মাঠে আজ ওয়েস্টব্রমের মুখোমুখি হবে ইউনাইটেড। হোসে মরিনহোর দল এ ম্যাচে হারলেই সিটি চ্যাম্পিয়ন। অর্থাৎ নগর প্রতিদ্বন্দ্বীদের হার কামনায় ইউনাইটেড-ওয়েস্টব্রম ম্যাচে ‘সিটিজেন’দের চোখ না রাখার কোনো কারণ নেই। কিন্তু স্বয়ং সিটি কোচ পেপ গার্দিওলারই এ ম্যাচ কোনো আগ্রহ নেই। এই ম্যাচ না দেখে তিনি ছেলের সঙ্গে গলফ খেলবেন!
টটেনহামকে হারানোর পর সিটি কোচকে প্রশ্ন করা হয়েছিল, ইউনাইটেড-ওয়েস্টব্রম ম্যাচের স্কোরলাইনে চোখ রাখবেন কি না? গার্দিওলার জবাব, ‘বুগি অথবা বার্ডি—শুধু এই স্কোরটা আমি জানতে চাই।’ গলফ নিয়ে পড়ে থাকার কারণও ব্যাখ্যা করেন সিটি কোচ, ‘আমার মনে হয় ইউনাইটেড জিতবে। আমরা নিজেদের সামর্থ্যের ওপরই ভরসা করি।’
১৯৯৩ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে ওল্ডহ্যামের জয়ে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয় নিশ্চিত হয়েছিল ইউনাইটেডের। ম্যাচটা চলাকালে তখনকার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন গলফ খেলছিলেন। গার্দিওলা বুঝি ফার্গিকেই অনুসরণ করবেন?