ইউনাইটেডের 'ঘুমপাড়ানি' জয়, ফিরলেন আগুয়েরো

ওল্ড ট্রাফোর্ডে একটা শব্দ ইদানীং বেশ পরিচিত হয়ে উঠছে। ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা তাঁদের মুখের সামনে হাত নিয়ে আসেন, অনেকটা কাপের মতো। এরপর সবাই একসঙ্গে মিলে একটা আওয়াজ তোলেন। এটা ‘দুয়োধ্বনি।’
সমর্থকেরা কাল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষেও পুরোটা সময় এই দুয়োধ্বনিই দিয়ে গেলেন। কেন দুয়ো দিলেন সেটা তো না বললেও চলে। ১-০ গোলে ম্যাচটা জিতলেও ইউনাইটেডের জয়সূচক গোলটা এসেছে ৯৩ মিনিটে—ওয়েইন রুনির পেনাল্টি থেকে। পুরো নব্বই মিনিটে শেফিল্ড ইউনাইটেডের পোস্টে মাত্র ১টি শট নিতে পেরেছেন রুনিরা। ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের একটি দলের বিপক্ষে এমন পারফরম্যান্সে দুয়োই তো দেবেন সমর্থকেরা।
এফএ কাপ এমনিতে চমক দিতে বেশ পছন্দ করে। কালও দিতে পারত। তবে শেষ পর্যন্ত হলো না। অনেক ঘাম ঝরিয়ে হলেও ইউনাইটেড জিতেছে। জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি, আর্সেনালও। আর্সেনাল ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে, আর ম্যানচেস্টার সিটি নরউইচের মাঠে জিতেছে ৩-০ গোলে।
অবশ্য চাইলে ইউনাইটেডের জয়টাকেও ‘চমক’ হিসেবে দেখতে পারেন। গোলশূন্য ড্র-ই হতো এই ম্যাচের যথার্থ ফল। সেটি হয়নি, শেষ মিনিটে এসে হঠাৎ মেম্ফিস ডিপাইয়ের মনে জাত্যভিমান জেগে ওঠায়। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জার্সি গায়ে দিয়ে চুপচাপ বসে থাকলে কী চলে! এমন ভাবনা আসতেই হয়তো গতি আর শক্তি দিয়ে শেফিল্ড ডিফেন্ডার জন ব্রেফোর্ডকে ছিটকে ফেলে বক্সে ঢুকে গিয়েছিলেন। এরপর পায়ের নাচনে বাধা দিতে আসা মিডফিল্ডার ডিন হ্যামন্ডকে কাটানোর সময় ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করে নেন তিনি। যা থেকে গোল করতে কোনো ভুল হয়নি রুনির।

জয় এসেছে, কিন্তু এমন জয়ে কি আর মন ভরে! চেলসি আর সোয়ানসি সিটির সঙ্গে সর্বশেষ দুই ম্যাচে অনেকটাই পুরোনো ফর্মে ফিরে এসেছিল ইউনাইটেড। মনে হচ্ছিল, মৌসুমের শুরু থেকে তাদের পারফরম্যান্সের সঙ্গে আঠার মতো লেগে থাকা ‘ঘুমপাড়ানি’ তকমাটা ঝেড়ে ফেলছে লুই ফন গালের দল। কিন্তু এই ম্যাচেই আবার একই অবস্থা। সাবেক ইউনাইটেড মিডফিল্ডার পল স্কোলস তো বিরক্ত হয়ে এই পারফরম্যান্স নিয়ে বলেই ফেললেন, ‘খেলোয়াড়েরা বিরক্ত, সমর্থকেরা বিরক্ত, এমনকি ফন গাল নিজেও বিরক্ত!’
অবশ্য পারফরম্যান্স নিয়ে বিরক্ত হলেও জয় নিয়ে সন্তুষ্ট ফন গাল, ‘সব কিছু ঠিকমতো হয়নি আজ। আমরা আরও দ্রুত বল পাস দিতে পারিনি। তবে এফএ কাপে জয়টাই বড় ব্যাপার। আমাদের পরের রাউন্ডে যেতে হতো, এবং আমরা সেখানে আছি।’
ফন গালের মতো ‘আরোপিত’ সন্তুষ্টি নয়, পুরো আকর্ণ হাসি নিয়েই পরের রাউন্ডে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। দল ৩-০ গোলে জিতেছে বলেই শুধু নয়, পেলেগ্রিনিকে এমন খুশি করেছে স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর ফর্ম। গোটা মৌসুমে চোটে জর্জরিত এই আর্জেন্টাইন। ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে, ‘আগুয়েরো মাঝে মাঝে চোটে পড়েন না, চোটের মাঝে মাঝে দু-একটা ম্যাচ খেলেন’—সব মিলিয়ে মৌসুমে এটি ছিল ১৩ তম ম্যাচ, যেখানে শুরু থেকেই ছিলেন আগুয়েরো। খেললেনও দুর্দান্ত।

দুর্দান্ত স্কিল আর গতির সমন্বয়ে তিনি প্রথম যে গোলটি করেছেন, সেটি চোখে লেগে থাকবে। চার-চারটি ট্যাকল করেছেন নরউইচ ডিফেন্ডারেরা, সেসব পাত্তাই পায়নি তাঁর কাছে। ৩১ মিনিটে তরুণ স্ট্রাইকার কেলেশি ইহিয়ানাচোকে দিয়ে দলের দ্বিতীয় গোলটিও করিয়েছেন আগুয়েরো। আর ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে নরউইচের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন কেভিন ডি ব্রুইন।
ম্যাচে তিন গোল করেছে আর্সেনালও। তবে এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়নদের জয়টা সিটির মতো এতটা সহজ ছিল না। জোয়েল ক্যাম্পবেল, অ্যারন রামসে ও অলিভিয়ের জিরুর গোলে ৩-১ গোলের বড় জয় পেয়েছে আর্সেনাল, তবে জার্মেইন লেনসের ১৭ মিনিটের গোলে কিন্তু প্রথমে পিছিয়ে পড়েছিল গানাররা। তার ওপর এই ম্যাচে মৌসুমের সবচেয়ে ভালো পারফরমার ‘অ্যাসিস্ট মাস্টার’ মেসুত ওজিলকেও বসিয়ে রেখেছিলেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।
গত দুবারই এফএ কাপ জিতেছে আর্সেনাল। এবার সেটিকে হ্যাটট্রিকে রূপ দিতে চান ওয়েঙ্গার, ‘আর একবার জিততে হবে আমাদের। গত দুইবার জিতেছি। যেটি বলতে পারি এই টুর্নামেন্টটাকে আমরা বেশ গুরুত্বের সঙ্গে নিই, জেতারও চেষ্টা করি।’ সূত্র: ইএসপিএন, গার্ডিয়ান।