ইউনাইটেডের 'নাটকীয়' বিদায়

‘ঘুমপাড়ানি’ ফুটবল খেলছে ইউনাইটেড—কিছুদিন ধরেই এমন সমালোচনা সইতে হয়েছে কোচ লুই ফন গালকে। জবাব তিনি দিয়ে যাচ্ছিলেন ফল দেখিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে অন্তত খারাপ করছে না ফন গালের দল। কিন্তু এবার কী বলবেন ইউনাইটেডের ডাচ কোচ? পরশু গ্রুপপর্বের শেষ ম্যাচে ভলফ্সবুর্গের কাছে হেরে যে চ্যাম্পিয়নস লিগ থেকেই বাদ পড়তে হলো।
ভলফ্সবুর্গের মাঠে অবশ্য গত কয়েক দিনের চেয়ে ভালোই খেলেছে ইউনাইটেড। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ ১৫ মিনিটে অনেক নাটকীয়তা, রোমাঞ্চ জাগলেও আক্ষেপের গল্প লিখেই তারা বিদায় নিল। মাঠে নামার আগে ইউনাইটেডের সমীকরণটা ছিল সরল—জিতলেই শেষ ষোলো। তবে না জিতলেও চলত, সে ক্ষেত্রে গ্রুপের অন্য ম্যাচে পিএসভি আইন্দহফেনকে করতে হতো একই ফল। হলো উল্টোটা। এদিকে ইউনাইটেড হারল, ওদিকে সিএসকেএ মস্কোকে হারাল পিএসভি। ভলফ্সবুর্গের সঙ্গী হয়ে ডাচ দলটিই গেল পরের পর্বে। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ে ইউরোপা লিগে জায়গা হলো ইউনাইটেডের।

তবে বিদায় নেওয়ার আগে রোমাঞ্চই উপহার দিয়েছে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধটা ফন গালের দল শুরু করেছিল ২-১-এ পিছিয়ে থেকে। প্রথমার্ধের ১০ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের গোলের পর ভলফ্সবুর্গের হয়ে গোল দুটি করেন ডিফেন্ডার নালদো ও পর্তুগিজ মিডফিল্ডার ভেইরিনহা। ওদিকে হল্যান্ডে ম্যাচের ৭৫ মিনিটে পিএসভিও গোল খাওয়ায় সম্ভাবনাটা তখনো টিকে ছিল।
এরপরই বাঁক বদল। ৭৮ মিনিটে লুক ডি ইয়ংয়ের গোলে পিএসভি সমতায় ফেরে। ইউনাইটেড ২-১-এ পিছিয়ে, পিএসভি ১-১ সমতায়। এমন পরিস্থিতিতে ইউনাইটেডই বাদ পড়ে। কিন্তু তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ীদের এত সহজেই বাদ দিতে বোধ হয় ফুটবল-বিধাতারও ইচ্ছে ছিল না। ভলফ্সবুর্গ অ্যারেনায় ৮২ মিনিটে স্বাগতিক মিডফিল্ডার জশুয়া গিলাভোগির আত্মঘাতী গোলে ইউনাইটেড আবার সমতায়। তাহলে ইউনাইটেডই যাচ্ছে পরের রাউন্ডে! কিন্তু উচ্ছ্বাসটা বুদ্বুদ তুলে মিলিয়ে গেল দুই মিনিটেই। ‘জোড়া’ আঘাত—একটি জার্মানিতে, আরেকটি হল্যান্ডে। আবারও ইউনাইটেডের জালে বল জড়িয়ে দিলেন নালদো, হল্যান্ডে গোল করে পিএসভিকে জিতিয়ে দিলেন ডেভি প্রপার। ইউনাইটেডের আশার সমাধি!
ম্যাচ শেষে ফন গাল একপ্রকার আত্মসমর্পণই করলেন। লিগের অবস্থান, লিগ কাপের পারফরম্যান্স—কিছু তথ্যে গত মৌসুমের তুলনায় দলের ‘উন্নতি’র গ্রাফ দেখিয়ে বললেন, ‘সপক্ষে কিছু বলতে পারছি না। কারণ আমরা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে গেছি। এখন আমি যা-ই বলব সব ভুল মনে হবে। তবে সংখ্যা বলছে আমরা দল হিসেবে ভালো করছি।’ তবে উইঙ্গার জেসে লিনগার্ডই হয়তো এ মৌসুমের ইউনাইটেডকে বোঝাতে পারলেন, ‘পুরো প্রতিযোগিতায় আমরা পরের রাউন্ডে যাওয়ার মতো যথেষ্ট কিছু করতে পারিনি।’
জন্মদিনে স্টার্লিং শো
২১তম জন্মদিনটা কী দারুণভাবেই না রাঙিয়ে নিলেন ম্যানচেস্টার সিটি উইঙ্গার রাহিম স্টার্লিং। জোড়া গোল করে ঘরের মাঠে দলকে জেতালেন (৪-২) বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে। প্রথমার্ধে অবশ্য জার্মান দলটিই এগিয়ে ছিল (২-১)। এরপরই হলো ‘স্টার্লিং শো’। ৮০ থেকে ৮২—তিন মিনিটে ২ গোল করে দলকে জয় এনে দিলেন ইংলিশ উইঙ্গার। অন্য ম্যাচে জুভেন্টাসকে ফার্নান্দো ইয়োরেন্তের গোলে হারিয়েছে সেভিয়া। এএফপি।
এক নজরে ফল
পিএসজি ২ : ০ শাখতার
রিয়াল মাদ্রিদ ৮ : ০ মালমো
পিএসভি ২ : ১ সিএসকেএ
ভলফ্সবুর্গ ৩ : ২ ম্যান ইউনাইটেড
বেনফিকা ১ : ২ অ্যাটলেটিকো
গ্যালাতাসারাই ১ : ১ আস্তানা
ম্যান সিটি ৪ : ২ ম’গ্লাডবাখ
সেভিয়া ১ : ০ জুভেন্টাস
* প্রথমে স্বাগতিক দল