ইউরোপীয় ফুটবলে রোমাঞ্চের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সন্ধ্যায় মরিনহোর ইউনাইটেডের সঙ্গে ওয়েঙ্গারের আর্সেনালের ‘যুদ্ধ’ তো রাতে বায়ার্ন-ডর্টমুন্ড ‘ডার ক্লাসিকার’ জন্য অপেক্ষা। ঘুমোতে যাওয়ার আগেও থাকছে মাদ্রিদ ডার্বির রোমাঞ্চ! আন্তর্জাতিক বিরতি শেষে বড় ম্যাচ দিয়েই আজ আবার ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল—
মাদ্রিদ ডার্বির জন্য রোনালদোর অনুশীলন l এএফপি
মাদ্রিদ ডার্বির জন্য রোনালদোর অনুশীলন l এএফপি

অ্যাটলেটিকো-রিয়াল
ভিসেন্তে ক্যালদেরনের এটিই হতে পারে শেষ মাদ্রিদ ডার্বি। আগামী মৌসুম থেকে নতুন মাঠ লা পিয়েনেতায় চলে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দল নিশ্চয়ই ‘শেষ ক্যালদেরন ডার্বি’টা রাঙাতে চাইবে, জিদানের দলও চাইবে অ্যাটলেটিকোকে বিষাদে ডুবিয়ে দিতে। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জিতলেও লিগে ২০১৩ সালের পর অ্যাটলেটিকোকে হারাতে পারেনি রিয়াল।
লিগে অবস্থান: রিয়াল ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে, অ্যাটলেটিকো ৬ পয়েন্ট পিছিয়ে চারে। লিগ শিরোপার আশা বাঁচিয়ে রাখতে আজ জয়টা তাই সিমিওনের দলের চাই-ই চাই। তবে রিয়ালকেও হারের মূল্য চুকাতে হতে পারে শীর্ষস্থান হারিয়ে। সে ক্ষেত্রে ঘরের মাঠে মালাগাকে হারাতে পারলে বার্সেলোনা (২৫ পয়েন্ট) চলে যাবে শীর্ষে।
একাদশে অদলবদল: বাঁ পায়ের চোট কাটিয়ে অ্যাটলেটিকোর অনুশীলনে ফিরেছেন আঁতোয়ান গ্রিজমান। রিয়ালের খুশি ও দুশ্চিন্তা দুই-ই আছে। চোট কেড়ে নিয়েছে মিডফিল্ডার কাসিমেরো ও ক্রুসকে। পুরো ফিট নন স্ট্রাইকার বেনজেমাও। ক্রিস্টিয়ানো রোনালদোকে আজ তাই ‘নাম্বার নাইন’ হিসেবে খেলাতে পারেন কোচ জিনেদিন জিদান। রক্ষণে ফিরছেন সার্জিও রামোস।
চোখ থাকবে যাঁদের ওপর: গ্রিজমানই অ্যাটলেটিকোর হয়ে গড়ে দিতে পারেন ব্যবধান। রিয়ালের ভরসা গত ম্যাচেই চোট কাটিয়ে ফেরা লুকা মডরিচ, প্রতিপক্ষ অধিনায়ক গ্যাবির চোখে যিনি রিয়ালের ‘সেরা খেলোয়াড়’। মৌসুমে ১৫ ম্যাচে মাত্র ৯ গোল খাওয়া অ্যাটলেটি রক্ষণ ভাঙতে ক্রোয়াট মিডফিল্ডারের ডিফেন্সচেরা পাসই হতে পারে জিদানের ‘ট্রাম্পকার্ড’।

ইউনাইটেড-আর্সেনাল

মৌসুমে এই প্রথম শিরোপা প্রতিদ্বন্দ্বী কোনো দলের মাঠে খেলা আর্সেনালের। ম্যাচটিকে তাই ওয়েঙ্গারের দলের ‘শিরোপা জেতার সামর্থ্যে’র প্রমাণ হিসেবেও দেখছেন অনেকে। অনেক কিছু প্রমাণের আছে কোচ ওয়েঙ্গারেরও, লিগে এর আগে যে কখনো মরিনহোকে হারাতে পারেননি আর্সেনাল কোচ। ইউনাইটেড কোচের সঙ্গে তাঁর সাপে-নেউলে সম্পর্কটাও ম্যাচে আনছে বাড়তি রং। তবে ওয়েঙ্গারের চোখে এটি ব্যক্তিগত দ্বৈরথ নয়, ‘ম্যাচটা শুধুই দুটি দল ও দুটি ক্লাবের মধ্যে।’

মরিনহোর জন্য ম্যাচটি অনেক কিছু প্রমাণের। অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর থেকেই ইউনাইটেড দিশাহীন তরি। শক্ত হাতে সেটির হাল ধরার স্বপ্ন দেখিয়ে এই মৌসুমে ইউনাইটেডে এসে হিমশিম খাচ্ছেন মরিনহো।

লিগে অবস্থান: মাঠে নামার আগে সুবিধাজনক অবস্থায় আছে আর্সেনাল, ইউনাইটেডের চেয়ে এগিয়ে ৬ পয়েন্টে। জিতলে সবার ওপরে চলে যাবে আর্সেনাল। তবে সেটি কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টে যেতে পারে, শীর্ষে থাকা লিভারপুল যে আজ যাবে সাউদাম্পটনের মাঠে, ম্যানচেস্টার সিটিও খেলবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।

একাদশে অদলবদল: চোট খেলতে দিচ্ছে না হেক্টর বেয়েরিনকে। অ্যালেক্সিস সানচেজের ফিটনেসও প্রশ্নবিদ্ধ। মরিনহোরই অবশ্য উদ্বেগ বেশি, নিয়মিত একাদশের ছয়-সাত খেলোয়াড়ই যে নেই। ইব্রাহিমোভিচ বাদ নিষেধাজ্ঞায়, চোট কেড়ে নিয়েছে এরিক বাইয়ি ও ক্রিস স্মলিংকে। সংশয় আছে ওয়েইন রুনি, আন্তোনিও ভ্যালেন্সিয়া, লুক শ ও মারুয়ানে ফেলাইনিকে নিয়েও।

চোখ থাকবে যাঁদের ওপর: গত মৌসুমে আর্সেনালের বিপক্ষে লিগ অভিষেকেই গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড। ইব্রাহিমোভিচের অনুপস্থিতিতে আজও নজর কাড়তে পারেন ১৯ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড। আর্সেনালের হয়ে জ্বলে উঠতে পারেন মৌসুমে ১০ ম্যাচে ৫ গোল করা থিও ওয়ালকট। সূত্র: এএফপি

বায়ার্ন-ডর্টমুন্ড

টমাস মুলারের কথাটাই বুঝিয়ে দিচ্ছে সব, ‘বছরের সেরা ম্যাচ এটি, কারণ এটি জেতা সবচেয়ে কঠিন।’ যদিও রেকর্ড বলছে উল্টোটা, ২০১২ সালের এপ্রিলের পর ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে জেতেনি ডর্টমুন্ড। তাতে কী! ‘ডার ক্লাসিকার’ তো সম্মানের। কার্লো আনচেলত্তির দল লিগে এখনো অপরাজিত, তবে নিজেদের মাঠে আজ টমাস টুখেলের তরুণ ডর্টমুন্ড নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না।

লিগে অবস্থান: গতকাল রাতে লাইপজিগ না জিতে থাকলে এখনো পয়েন্ট তালিকার ওপরেই আছে বায়ার্ন (২৪ পয়েন্ট), ৬ পয়েন্ট কম নিয়ে পাঁচে ডর্টমুন্ড।

একাদশে অদলবদল: বায়ার্নে আরিয়েন রোবেন ফিরছেন। চোট থেকে সেরে উঠেছেন জেরোম বোয়াটেং ও ফ্রাঙ্ক রিবেরি। চোট কাটিয়ে এই ম্যাচেই মৌসুমে প্রথম মাঠে নামার কথা ছিল মার্কো রয়েসের, কিন্তু কাল অনুশীলনে আবার চোট পেয়েছেন ডর্টমুন্ড উইঙ্গার।

চোখ থাকবে যাঁদের ওপর: লড়াইয়ের ভেতরের বড় লড়াইটা অবামেয়াং বনাম লেভানডফস্কি। ডর্টমুন্ড স্ট্রাইকার ‘অবা’ অবশ্য লেভার (৭) চেয়ে চার গোল বেশি করেছেন। তবে নিজের সাবেক ক্লাবে ফিরে লেভানডফস্কি ব্যবধানটা নিশ্চয়ই একটু কমিয়ে আনতে চাইবেন। চোখ রাখতে হবে আজই প্রথম সাবেক ক্লাবে ফেরা ডিফেন্ডার ম্যাটস হামেলসের ওপরও।