ইউরোপে খেলা আফগান খেলোয়াড়, কিন্তু তাতে ভয় কীসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে লাল-সবুজ। একাগ্র, দৃঢ় প্রতিজ্ঞ। ছবি: বাফুফে
অনুশীলনে লাল-সবুজ। একাগ্র, দৃঢ় প্রতিজ্ঞ। ছবি: বাফুফে

গ্রুপ পর্বের ড্র দেখেই মন খারাপ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের ফুটবল প্রেমীদের। এমনিতেই গত দুবার সাফে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তার ওপর এবার গ্রুপে তিন প্রতিপক্ষের দুটিই কিনা আফগানিস্তান আর মালদ্বীপ! ভারতের গ্রুপটা কাগজে কলমে যেখানে এত সহজ, প্রতিপক্ষ শুধু নেপাল আর শ্রীলঙ্কা (পাকিস্তান খেলছে না), সেখানে বাংলাদেশকেই পড়তে হলো গ্রুপ অব ডেথ-এ!

তবু বাংলাদেশ আশায় বসতি গড়ছে। মারুফুল হক নতুন কোচ হয়ে আসার পর থেকেই খেলোয়াড়দের শরীরী ভাষায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ‘আমরা পারব, পারতেই হবে’র আত্মবিশ্বাস ফিরে এসেছে। তাতে এই গ্রুপ কঠিন হলেও এবারের সাফে ভালো কিছুর আশা জাগছে। আজ সেই আশার বাস্তবায়নের প্রথম ধাপ শুরু হচ্ছে। সন্ধ্যা ৭টায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ জিতলে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল হবে। পারবেন মামুনুলরা?
রেকর্ড বিচার করলে আফগানিস্তানের বিপক্ষে ভয় পাওয়ার কিছু নেই। পাঁচবার বাংলাদেশ খেলেছে আফগানদের বিপক্ষে, তাতে একটি ম্যাচে জয় লাল-সবুজদের, চারটি ড্র। এখনো হারেনি বাংলাদেশ। আজও অপরাজিত থাকা কী খুব অসম্ভব! সর্বশেষ গত জুনেও তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুরোটা সময় এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে ড্র মেনেছিল বাংলাদেশ।
এটা ঠিক, মাঠে নামার পর ৯০ মিনিট জুড়ে রেকর্ডের কোনো জায়গা নেই। রেকর্ডের কাজ শুধু ওই ৯০ মিনিটের আগে-পরে। প্রতিটি নতুন ম্যাচই নতুন করে খেলতে হয়। তাই নতুন করে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে মামুনুল-জুয়েল-হেমন্তদের। আর আফগানরাও তো দল হিসেবে টুর্নামেন্ট শুরুর আগেই মনে ভয় জাগাচ্ছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু আসলেই কতটুকু ভয় পাওয়া উচিত আফগানিস্তানকে? আদৌ কি পাওয়া উচিত?
দলটির মূল শক্তি অবশ্যই শারীরিক। জাতিগতভাবেই আফগানরা শারীরিকভাবে বেশ শক্ত, মানসিকভাবেও। খেলায় এর একটা প্রভাব পড়বেই। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে আফগানিস্তান।
আর টুর্নামেন্টের শুরু থেকেই যে তথ্যটি সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটি হলো আফগানিস্তান দলের ১৪ জনই ইউরোপের লিগগুলোতে খেলে। অবশ্যই এটা তাঁদের ফুটবলীয় সামর্থ্যের প্রমাণ। কিন্তু এতে কতটা ভয় পাওয়া উচিত? দলে ৮ জন খেলোয়াড় জার্মানির বিভিন্ন লিগের দলে খেলছেন, ৩ জন হল্যান্ডে, আর ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের লিগের দলে একজন করে। কিন্তু এঁদের বেশির ভাগই জার্মানি, হল্যান্ড কিংবা নরওয়ের চতুর্থ-পঞ্চম স্তরের দলের খেলোয়াড়। যেমন জার্মানিতে খেলেন এমন ৮ জনের মধ্যে এক মুস্তাফা জাজাই ছাড়া বাকি সাতজনই চতুর্থ-পঞ্চম সারির লিগের দলে খেলছেন। এই তথ্যটা কী খুব বেশি ভয় জাগায়? হোক না জার্মানি, হল্যান্ড, তবু ওই দেশগুলোর চতুর্থ-পঞ্চম স্তরের কোনো দলের খেলোয়াড়ের সামনে ভয়ে মুষড়ে পড়ার মতো কি কিছু আছে?
নেই। মামুনুলরা একটু সাহস নিয়ে খেললেই সম্ভবত ম্যাচটা খুব একটা কঠিন হবে না। সাহসের সঙ্গে আরেকটা জিনিস দরকার—সতর্কতা। পুরো দলটিই ভালো, তবে এদের মধ্যেও একটু আলাদা চোখ রাখতে হবে মূলত তিন খেলোয়াড়ের দিকে। কাজটা মামুনুল-রাজুদেরই বেশি। কারণ তিন খেলোয়াড়ের মধ্যে মিডফিল্ডেই দুজন—একজন তো ওই জাজাই। জার্মানির একমাত্র ওপরের স্তরে খেলা খেলোয়াড়। জার্মান বুন্দেসলিগা টু-র দল সেন্ট পাউলিতে খেলেন এই ২২ বছর বয়সী। তার সঙ্গে মিডফিল্ডে থাকতে পারেন ওমিদ পপালজে। হল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল অ্যাকিলিসে খেলছেন এই ১৯ বছরের তরুণ পপালজে।
ফলে মামুনুলকে মাঝমাঠের লড়াইটাতে জিততেই হবে। এটাই গড়ে দিতে পারে পার্থক্য।
আর স্ট্রাইকার নরুল্লা আমিরির দিকেও বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের। সুইডিশ দ্বিতীয় বিভাগের দল ট্রেলেবর্গস এফএফে খেলেন এই ২৪ বছর বয়সী স্ট্রাইকার। আফগানিস্তানের হয়ে ৫ ম্যাচে এরই মধ্যে ২ গোল করেছেন আমিরি।
তবু বাংলাদেশ একটা দল হয়ে খেলতে পারলে, প্রতি-আক্রমণে জুয়েল রানার গতি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের দ্রুত ওপরে উঠে যাওয়ার সামর্থ্য, আর উইঙ্গার জাহিদ হোসেনের চাতুর্য ব্যবহার করে আফগানিস্তানকে বিপাকে ফেলা খুবই সম্ভব। সঙ্গে মিডফিল্ডে মামুনুলের পাস, রাজুর স্ট্যামিনা তো আছেই। আর সবচেয়ে বড় ভরসার জায়গা হয়তো কোচ মারুফুল হকের মস্তিষ্ক।
কাল অনুশীলন শেষে মারুফুল বলেছিলেন, আফগানরা হয়তো এগিয়ে। তবে অজেয় নয়। আজ সাতটা থেকে শুরু হওয়া ম্যাচে এই কথাটায় বিশ্বাস রেখেই মামুনুলদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ফল যেকোনো কিছুই হতে পারে, তবে সাহস নিয়ে লড়লে সেটি নিজেদের পক্ষে আসা কঠিন কিছু হবে না।
অন্তত ম্যাচের আগেই ‘চ্যাম্পিয়নদের বিপক্ষে নামছি, ইউরোপের লিগে খেলা খেলোয়াড়দের বিপক্ষে নামছি’ এই ভাবনায় কাতর হওয়ার কিছুই নেই!