ইউরোর আগে ধাক্কা খেল স্পেন
ব্রাজিল বিশ্বকাপে ফেবারিট হিসেবে গিয়ে প্রথম ম্যাচে হল্যান্ডের কাছে ৫-১ গোলে হার। সে ধাক্কা কাটাতে না পেরে প্রথম রাউন্ড থেকেই বিদায়। ধীরে ধীরে সে ধাক্কা কাটিয়ে উঠেছে স্পেন। তিন মৌসুম ধরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব স্প্যানিশ ক্লাবগুলোর দখলে। ইউরোর বাছাইপর্বটাও দারুণ কেটেছে স্পেনের। দুর্দান্ত ফর্মে থাকা দলটি ইউরোতে হ্যাটট্রিক শিরোপার দাবি নিয়েই তো যাচ্ছে। কিন্তু ইউরো প্রস্তুতির শেষ ম্যাচে জর্জিয়ার কাছে হারটা স্পেনকে একটা বড় ধাক্কাই দিল পরশু।
ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ মনে করেন, স্পেনের বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে গড়া একাদশও ইউরো জয়ের ক্ষমতা রাখে। তবে পরশু স্পেনের মূল দলই নিজেদের মাঠে জর্জিয়ার কাছে ১-০ গোলে হেরেছে। শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ ইউরো চ্যাম্পিয়নদের দখলেই ছিল। কিন্তু স্প্যানিয়ার্ডদের গোল করার ব্যর্থতা ও রক্ষণ দুর্বলতা আবারও বড় হয়ে উঠল। পুরো ম্যাচে জর্জিয়া বলার মতো সুযোগ পেয়েছিল একটিই। ৪০ মিনিটে স্পেন ডিফেন্ডারদের ভুলে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে টোর্নিকে ওকরিয়াশাভিলি গোল করে এগিয়ে দেন। ম্যাচের বাকিটা সময় মাথা কুটেও গোল করতে পারেনি স্পেন।
আগামীকাল শুরু হচ্ছে ইউরো। তার আগে দলের এমন পারফরম্যান্স ভিসেন্তে দেল বস্কের কপালে চিন্তার ভাঁজ বাড়াল। মার্কা।