ইউরো বাছাইয়ে 'ড্রোন হামলা'

বেলগ্রেডে চলছিল আলবেনিয়া-সার্বিয়া ম্যাচ। কিন্তু স্টেডিয়ামের আকাশে হঠাৎই একটি ‘ড্রোন’ ঢুকে পড়ায় পরিত্যক্ত হলো ম্যাচটি। ড্রোনটি মাঠে ‘বোমাবর্ষণ’ না করলেও ওই ড্রোনের সঙ্গে যা বাঁধা ছিল তা আক্ষরিক অর্থেই সার্বিয়ানদের জন্য এক প্রকার বোমাই।
সার্বিয়া ও আলবেনিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্ক যে কতটা খারাপ, সেটা নতুন করে বলার কিছু নেই। মূলত নতুন গঠিত রাষ্ট্র কসভোকে কেন্দ্র করেই এই দুই দেশের কূটনৈতিক লড়াই এখন পরিণত শাপে-নেউলে সম্পর্কে। ইউরো বাছাইয়ে এই দুই দলের ম্যাচকে কেন্দ্র করে সার্বিয়ান সরকার নানা ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না।
খেলার তখন ৪১ মিনিট অতিবাহিত হয়েছে। এমনিতেই বৈরী কূটনৈতিক সম্পর্কের কারণে মাঠে গড়ানো ৪১ মিনিট ছিল যথেষ্টই উত্তপ্ত। গা জোয়ারি ফুটবলে বেলগ্রেডের স্টেডিয়ামে উপস্থিত ২০ হাজার সার্বিয়ান সমর্থক যখন উত্তেজিত, ঠিক তখনই স্টেডিয়ামের আকাশে দেখা গেল এক ড্রোন। দূরনিয়ন্ত্রণে পরিচালিত ওই ড্রোনটির সঙ্গে বাঁধা ‘বৃহত্তর’ আলবেনিয়ার পতাকা। প্রথমে দর্শকেরা বুঝে উঠতে না পারলেও বৃহত্তর আলবেনিয়ার পতাকা চিনতে পেরে পুরো স্টেডিয়ামই হয়ে ওঠে বিস্ফোরণোন্মুখ। সার্বিয়ান খেলোয়াড়দের এই পতাকা নিয়ে তাচ্ছিল্যও সহ্য হচ্ছিল না আলবেনিয়ার খেলোয়াড়দের। সার্বিয়ান সমর্থকদের কাছ থেকে মাঠেই উড়ে এল কিছু ধূম্র-বোমা। এমন একটি পরিস্থিতিতে সংঘর্ষ যখন অবধারিত, ঠিক তখনই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন উয়েফার ম্যাচ কমিশনার।

বৃহত্তর আলবেনিয়ার পতাকা নিয়ে ড্রোনের উড়ে বেড়ানোর পেছনে আছে একটি রক্ষক্ষয়ী ইতিহাস। আজকে যে রাষ্ট্রটি কসভো নামে পরিচিতি, সেই কসভো গঠিত হয়েছে আলবেনীয় জাতিগোষ্ঠীর সমন্বয়েই। আলবেনিয়া রাজনৈতিকভাবে কখনোই কসভোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারেনি; বরং তারা চায় কসভো আলবেনিয়ার ভূখণ্ড হিসেবেই স্বীকৃতি পাক বিশ্বময়। কিন্তু বিভিন্ন বৃহৎশক্তিসহ এক শয়েরও ওপর দেশ ২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত কসভোর স্বীকৃতিদাতা। সার্বিয়ার অভ্যন্তরেও আলবেনীয় জাতিগোষ্ঠী বিদ্যমান। সংখ্যলঘু আলবেনীয়রা সব সময়ই সার্বিয়ার কাছ থেকে স্বায়ত্ত শাসন চেয়ে আসছে। ‘বৃহত্তর আলবেনিয়া’ স্বপ্নই কাল দূরনিয়ন্ত্রিত ড্রোনের মাধ্যমে ইউরোপসহ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিল জাতীয়তাবাদী আলবেনীয়রা।
কালকের ম্যাচে সংঘর্ষের আশঙ্কায় সার্বিয়ান আলবেনীয়দের মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। ব্যাপারটা ‘অধিকার হরণ’ হিসেবে ইতিমধ্যেই সমালোচিত। মাঠে প্রবেশ করতে না পেরে আলবেনীয়রা শেষ অবধি বেছে নিয়েছে প্রতিবাদের এক অত্যাধুনিক কেতাই।
এদিকে বার্তা সংস্থা এএফপির আরও এক খবরে জানা গেছে, বেলগ্রেড স্টেডিয়ামে ড্রোন-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ভাই ওলসি রামাকে। তিনি নাকি ব্রেলগ্রেডে এসেছিলেন আলবেনিয়া-সার্বিয়া ম্যাচটি দেখতে। রামার তত্ত্বাবধানেই নাকি ওই ড্রোনটি ‘বৃহত্তর আলবেনিয়ার’র দাবি প্রচারে ঢুকেছিল বেলগ্রেড স্টেডিয়ামের আকাশে। ভিআইপি বক্সে বসেই নাকি তিনি নিয়ন্ত্রণ করেছেন সবকিছু। সূত্র: এএফপি।