ইউরো শেষ গোমেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও গোমেজ
মারিও গোমেজ

শুধু দুটি গোলই করেননি, খেলেছেনও দুর্দান্ত। জার্মানির ইউরোর সেমিফাইনালে উঠে আসার পেছনে বড় অবদান মারিও গোমেজের। কিন্তু সেই গোমেজকেই সেমিফাইনালে পাচ্ছে না জার্মানরা। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে জার্মান স্ট্রাইকারের। এখানেই শেষ নয়। মাংসপেশির চোটে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার স্যামি খেদিরাও। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে বড় ধাক্কাই তো খেল জার্মানি!
মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো জার্মানির জন্য আরও দুঃসংবাদ হচ্ছে, চোটের জন্য পরের ম্যাচে অনিশ্চিত শোয়েনস্টাইগার। দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় মাঠে নামতে পারবেন না ম্যাটস হামেলস৷
গোমেজ ও খেদিরা দুজনই চোট পান ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। পরশু পরীক্ষা-নিরীক্ষার পর জার্মান ফুটবল ফেডারেশন প্রথমে গোমেজকে নিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘এই ইউরোতে আর খেলা সম্ভব নয় গোমেজের পক্ষে।’ পরে খবর এসেছে খেদিরাও খেলতে পারবেন না সেমিফাইনালে। জার্মানির কোচ জোয়াকিম লো অবশ্য আশাবাদী, দল ফাইনালে গেলে খেদিরাকে পাওয়া যাবে।
ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচটা ছাড়া এ টুর্নামেন্টের সব কটি ম্যাচেই খেলেছেন গোমেজ। তিনটি ম্যাচে একাদশে ছিলেন, পোল্যান্ডের বিপক্ষে নামেন বদলি হিসেবে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাঁর একমাত্র গোলেই জিতেছে জার্মানি। একটা গোল করেছেন স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোতেও।
এমন একজনের ছিটকে যাওয়ার খবর শুনে লোরও মাথায় হাত, ‘টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দলের এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো বড় ধাক্কা। মারিওর (গোমেজ) জন্য আমার খুব খারাপ লাগছে। ও পুরো টুর্নামেন্টেই দারুণ খেলেছে। শুধু গোল করেই নয়, দলকে অন্যভাবেও সাহায্য করেছে।’ এএফপি।