ইউরো শেষ হয়ে গেল মারিও গোমেজের

শুধু দুটি গোলই করেননি, এবারের ইউরোতে তিনি খেলেছেনও দুর্দান্ত। জার্মানির সেমিফাইনালে উঠে আসার পেছনে বড় অবদান মারিও গোমেজের। কিন্তু সেই গোমেজকেই সেমিফাইনালে পাচ্ছে না জার্মানরা। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে জার্মান এই স্ট্রাইকারের।
এখানেই শেষ নয় ৷ চোটের জন্য পরের ম্যাচে অনিশ্চিত বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও স্যামি খেদিরা ৷ পাশাপাশি দুই হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না ম্যাট হামেলস ৷ ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের আগে জার্মানি বড় ধাক্কাই তো খেল!
গোমেজ চোট পেয়েছেন ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচেই তাঁকে বদলি হয়ে উঠে যেতে হয়েছিল। কাল পরীক্ষা-নিরীক্ষার পর জার্মান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ইউরোতে আর কোনো ম্যাচ খেলা সম্ভব নয় গোমেজের পক্ষে।’
ইউক্রেনের বিপক্ষে প্রথম ম্যাচটা ছাড়া এ টুর্নামেন্টের সব কটি ম্যাচেই খেলেছেন গোমেজ। তিনটি ম্যাচে একাদশে ছিলেন, পোল্যান্ডের বিপক্ষে নেমেছেন বদলি হিসেবে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তাঁর একমাত্র গোলেই জিতেছে জার্মানি। একটা গোল করেছেন স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোতেও।
এমন একজনের ছিটকে যাওয়ার খবর শুনে জার্মানির কোচ জোয়াকিম লোয়েরও মাথায় হাত, ‘টুর্নামেন্টের এমন গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দলের এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো বড় ধাক্কা। আমার মারিওর (গোমেজ) জন্য খুব খারাপ লাগছে। ও পুরো টুর্নামেন্টেই দারুণ পারফর্ম করেছে। শুধু গোল করেই নয়, দলকে অন্যভাবেও সাহায্য করেছে।’