ইউরো ২০২০ ফাইনাল ওয়েম্বলিতে

২০২০ ইউরো দেখার পরিকল্পনা যদি করেন, রথ দেখা ও কলা বেচা দুটিই হয়ে যাবে। খেলা দেখার সঙ্গে ঘোরা হবে পুরো ইউরোপই। এক বা একাধিক দেশে নয়, ছয় বছর পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর বসবে ১৩টি ভিন্ন দেশে। ওই বছর প্রতিযোগিতাটির ৬০ বছর পূর্ণ হবে, তাই এই বিশেষ সংস্করণ। এসব আগেই জানা ছিল। কাল চূড়ান্ত হয়েছে ভেন্যুগুলোর নাম। সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। শেষ আট ও গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে ইতালির রোম, জার্মানির মিউনিখ, আজারবাইজানের বাকু ও রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। শেষ ষোলো ও গ্রুপপর্বের অন্য ম্যাচগুলো হবে কোপেনহেগেন (ডেনমার্ক), বুখারেস্ট (রোমানিয়া), আমস্টারডাম (হল্যান্ড), ডাবলিন (আয়ারল্যান্ড), বিলবাও (স্পেন), বুদাপেস্ট (হাঙ্গেরি), ব্রাসেলস (বেলজিয়াম) ও গ্লাসগোতে (স্কটল্যান্ড)। বুদাপেস্ট, বাকু ও বুখারেস্টের মতো শহর এত বড় প্রতিযোগিতার আয়োজন আগে করেনি। এএফপি।