ইউরোতে জায়গা নিশ্চিত স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকালের স্পেন দল। ছবি: এএফপি
গতকালের স্পেন দল। ছবি: এএফপি

ভিসেন্তে দেল বস্কের মুখে হাসি ফুটবলের বিরলতম দৃশ্যের একটি। গতকাল আবার লুক্সেমবার্গের সঙ্গের খেলায় চোট পেয়ে মাঠ ছেড়েছেন মূল একাদশের দুজন খেলোয়াড়। তাই ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করার পরও তাই স্প্যানিশ কোচের হাসিমুখ আশা করাটা ছিল বাড়াবাড়ি। তবে স্বস্তি তাঁর থাকছেই। গত বিশ্বকাপে ভরাডুবির পর ইউরোতে সাফল্য পাওয়াটি যে জরুরি হয়ে দাঁড়িয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের জন্য। সান্তি কাজোরলা এবং পাকো আলকাসেরের জোড়া গোলে ফ্রান্স যাত্রা নিশ্চিত করল স্পেন।
গতরাতে স্পেনের একাদশেই ছিল চমক। ছয় বছর পর এই প্রথম স্পেনের একাদশে ছিল না রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। তার ওপর আবার খেলার মাত্র দশ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিড সিলভা। তাতে অবশ্য মাঠে ছড়ি ঘোড়াতে কোনো অসুবিধা হয়নি ইউরো চ্যাম্পিয়নদের। তবে গোলের দেখাটা কেন যেন পাচ্ছিল না দেল বস্কের দল। কাজোরলা, আলভারো মোরাতা, পেদ্রো এবং জর্ডি আলবার শট গুলো কেন যেন জালের দেখা পাচ্ছিল না। এর মাঝে ৩৩ মিনিটের মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন মোরাতা। মাঠে নামেন আলকাসের। তার সঙ্গে যেন গোলের ভাগ্যও খুঁজে পায় ‘লা রোজা’রা। বিরতির একটু আগে বহু আরাধ্য সেই গোলের দেখা পান কাজোরলা। পেদ্রোর শট ঠেকিয়ে দিয়েছিলেন বিপক্ষের গোলরক্ষক, কিন্তু ফিরতি বলকে নাগালে নিয়ে তা জালে পাঠিয়ে দেন আর্সেনালের এই মিডফিল্ডার।
বিরতির পরেও খেলার ধারায় কোনো পরিবর্তন আসে নি। আক্রমণে আক্রমণে লুক্সেমবার্গ রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিল স্পেনের আক্রমণভাগ। তেরো মিনিটের ব্যবধানে দুই গোল করে স্পেনের বড় জয় নিশ্চিত করে ফেলেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার আলকাসের। আর লুক্সেমবার্গের কফিনের শেষ পেরেক ঠোকেন কাজোরলা ৮৫ মিনিটে আরেকটি গোল করে। ৪-০ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ ‘সি’ থেকে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত করল স্পেন দল। স্বাগতিক ফ্রান্স ছাড়া এখনো পর্যন্ত আটটি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আরও ১৫টি দল সুযোগ পাবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে খেলার। জার্মানি, ইতালির মতো দলকে ইউরো নিশ্চিত করতে শেষ পর্বের খেলার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর গত বিশ্বকাপের তৃতীয় দল হল্যান্ডের ভাগ্য ঝুলে আছে নানা ধরনের সমীকরণে। সূত্র: এএফপি