ইউরোতে সহিংসতা, একজন গুরুতর আহত

শঙ্কা ছিল সন্ত্রাসী হামলা নিয়ে। উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস ইউরোতে হামলা করতে পারে, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। কিন্তু ইউরোর প্রথম দুই দিনে ফ্রান্সের পুলিশের ঘুম হারাম করে ছেড়েছে দাঙ্গাবাজ সমর্থকেরা। মার্শেইতে কাল যেমন ইংলিশ ও রাশিয়ান সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩৪ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন ইংলিশ সমর্থকের অবস্থা আশঙ্কাজনক।
খেলা শুরুর আগেই কাল রীতিমতো উত্তপ্ত মার্শেইয়ের রাজপথ। শত শত মারমুখো সমর্থক রাস্তায় নেমে এসেছেন, একে অন্যের দিকে হাতের কাছে যা পাচ্ছেন তাই ছুড়ে মারছেন। কাঁদানে গ্যাস ছুড়েও নিরস্ত করতে পারেনি পুলিশ। এর মধ্যে অনেকেই বেশ রক্তাক্ত, তাদের নিয়ে যেতে হয়েছে হাসপাতালে। একজনকে লোহার বার দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, সেই ইংলিশ সমর্থক এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড-রাশিয়ার ম্যাচ শেষেও দুই দলের সমর্থকেরা গ্যালারিতেই জড়িয়ে পড়েছে সংঘর্ষে।
শুধু মার্শেইতেই নয়, সংঘাত হয়েছে আরও বেশ কয়েক জায়গাতে। নিসে কাল উত্তর আয়ারল্যান্ড সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয়ে গেছে স্থানীয় লোকজনের, সেখানে আবার সাতজন আহত হয়েছেন।
মার্শেইতে ইংলিশ দাঙ্গাবাজদের অঘটন নতুন কিছু নয়। ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে তিউনিসিয়ার ম্যাচ হয়েছিল এই মার্শেইতেই। সেবারও ইংলিশ হুলিগানরা সন্ত্রস্ত করে রেখেছিল সবাইকে। মার্শেইয়ের এক পিৎজা দোকানের মালিক লঁরা ফিজেরো কাল যেমন বলেছেন, ‘এ আর নতুন কী? ইংলিশদের কাছ থেকে আপনি আর কী আশা করতে পারেন?’
কিন্তু ইংলিশ সমর্থকেরা গত কয়েক বছরে সে রকম কোনো অঘটন বাধায়নি। ফ্রান্সে হঠাৎ আবার তারা যুদ্ধংদেহী কেন? এক ইংলিশ সমর্থকেরা দাবি, খেলাটা স্থানীয় সময় রাত নয়টায় শুরু হওয়াতেই সমস্যা হয়েছে। সন্ধ্যা থেকে পানশালাতে তারা বেশি সময় কাটাচ্ছেন, এর জন্যই নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। ইংল্যান্ডে এই দাঙ্গাবাজদের তুমুল সমালোচনা চলছে। সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকার যেমন বলেছেন, ‘এই মানুষদের সমস্যা কী? পুরো জাতির জন্যই এরা কলঙ্ক।’
সামনে ইংল্যান্ডের ম্যাচে এখন এর চেয়ে খারাপ কিছু না হলেই হয়!