ইউরোপকে লাতিন আমেরিকার চ্যালেঞ্জ!

ইউরোপ না আমেরিকা? কোপা না ইউরো? তর্কটা বোধ হয় চলতেই থাকবে। মহাদেশের সেরাদের নিয়ে কনফেডারেশনস কাপ অবশ্য আছে, কিন্তু সেটি ঠিক ইউরোপ আর লাতিন আমেরিকার সরাসরি দ্বৈরথ নয়। সে জন্যই অভিনব এক প্রস্তাব নিয়ে এসেছেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিনগুয়েজ। এবারের শতবর্ষ পূর্তি উপলক্ষে কোপার বিশেষ আসরে বিজয়ীদের সঙ্গে ইউরো চ্যাম্পিয়নদের একটা ম্যাচ আয়োজন করার প্রস্তাব করেছেন।
ইউরোর নক আউট পর্ব এখন শুরুর অপেক্ষায়, আর কোপার বাকি শুধু ফাইনাল। আর্জেন্টিনা না চিলির কে জয়ী হবে, সেটা জানা যাবে আগামী পরশু। তবে ইউরোর বিজয়ীকে দেখতে আরও সপ্তাহদুয়েক অপেক্ষা করতে হবে। ডমিনগুয়েজ প্রস্তাব করেছেন, তার পরেই দুই বিজয়ীকে নিয়ে একটি ম্যাচ খেলার। এর মধ্যে প্রস্তাবটা উয়েফার কাছে পৌঁছেও দিয়েছেন, ‘আমরা ২০১৬ কোপা আমেরিকা ও ইউরোর বিজয়ীদের মধ্যে একটা ম্যাচের জন্য উয়েফা চ্যালেঞ্জ করেছি। দুই প্রতিযোগিতার সেরা কারা, ওই ম্যাচের পরেই জানা যাবে। এখন আমরা উয়েফার কী বলে, সেটার অপেক্ষায় আছি।’
কোপার শতবর্ষীয় এই বিশেষ আসর কতটুকু সফল সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে ডমিনগুয়েজের সেটি নিয়ে কোনো সংশয় নেই, ‘গর্ব করার মতো অনেক কিছুই আছে। ম্যাচপ্রতি গড়ে তিনের বেশি গোল হয়েছে, সমর্থকেরা ছিল দুর্দান্ত। প্রতি ম্যাচে গড়ে ৪৬ হাজারের বেশি দর্শক হয়েছে। এমন একটা টুর্নামেন্টের জন্য দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাই।’