ইউরোপকে হটিয়ে দিচ্ছে চীনা ফুটবল!
জানুয়ারির দলবদলে চীনের শীর্ষস্থানীয় ক্লাবগুলো ১০ জন খেলোয়াড়ের পেছনেই ব্যয় করেছে ৩৩ মিলিয়ন পাউন্ড। যেখানে ১০৪ জন খেলোয়াড়ের পেছনে স্প্যানিশ ক্লাবগুলোর ব্যয় মাত্র ৪২ মিলিয়ন পাউন্ড!
অ্যালেক্স টিজেইরার ওপর নজর ছিল লিভারপুলের। শাখতার দোনেৎস্ক থেকে তাঁকে দলে টানতে অ্যানফিল্ডের দলটি প্রস্তাবও দিয়েছিল ২৪ মিলিয়ন ইউরোর। দোনেৎস্ক তাতে সাড়া দেয়নি। তাদের প্রত্যাশা ছিল আরও বড় অঙ্ক। ইউক্রেনিয়ান দলটির সে চাওয়াটা মিটিয়ে টিজেইরাকে দলে টেনেছে চীনা ক্লাব জিয়াংসু সুনিং। অর্থের অঙ্ক? ৫০ মিলিয়ন ইউরো!
২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের দলবদল দেখাল চীনা ফুটবলে অর্থের ঝনঝনানি তরুণ উদীয়মান খেলোয়াড়দেরও পতঙ্গের মতো টানছে। এই নিয়ে সপ্তাহ দুয়েেকর মধ্যেই তিন-তিনবার সর্বোচ্চ অঙ্কের চুক্তির রেকর্ড ভাঙাগড়া হলো চীনা ফুটবলে। জানুয়ারির শেষ সপ্তাহে সেই সময়ের রেকর্ড ২১.৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে চেলসি থেকে রামিরেজকে দলে টেনেছিল জিয়াংসু। এই রেকর্ডটিকে ভেঙে দুই দিন আগে নতুন রেকর্ড গড়েছিল গুয়াংজু এভারগ্রান্ডে। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তারা কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজকে কিনেছে ৪২ মিলিয়ন ইউরোয়। মার্টিনেজকে টপকে এবার চীনের ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন টিজেইরা।
ব্যাপারটা যেন এমন, চীনের যে ক্লাবের যাঁকে পছন্দ, তাঁকে তারা কিনেই ছাড়বে, টাকা কোনো বিষয় নয়! এই টাকার লোভেই একটা সময় ছিল ক্যারিয়ারের মধ্যগগন থেকে সূর্যটা হেলে পড়তেই ইউরোপের পেশাদার লিগ ছেড়ে চীনে পাড়ি জমাতেন খেলোয়াড়েরা। পতিত তারকাদের পাশাপাশি এখন উদীয়মানদের ঠিকানাও হয়ে উঠছে চীন। রামিরেজ চাইলে খেলতে পারতেন শীর্ষ ইউরোপীয় কোনো ফুটবল লিগে। জাতীয় দলে তাঁর সতীর্থ তারদেল্লি, পলিনহোরও ঠিকানা হতে পারত ইউরোপের কোনো ক্লাব। কিন্তু তাঁরা নতুন ঠিকানা বানিয়েছেন চীনে। দুঙ্গার দলে জায়গা পাকাপোক্ত করার অপেক্ষায় থাকা রিকার্দো গুলাত, রেনাতো অগাস্টোরও ঠিকানা চীন। অস্ট্রেলিয়ার টিম কাহিল, ঘানার জিয়ান আসামোয়া, কলম্বিয়ার ফ্রেডি গুয়ারিন, ফ্রান্সের ডেম্বা বা তো আগেই নাম লিখিয়েছেন চীনের সুপার লিগে।
খেলোয়াড়দের পেছনে দেদার টাকা ঢালায় একটা ইউরোপের অনেক বড় ক্লাবকে পেছনে ফেলছে চীনের ক্লাবগুলো। ফিফা বলছে, মার্টিনেজ ও টিজেইরার চুক্তিটি ছাড়াই জানুয়ারির দলবদলে চীনের শীর্ষস্থানীয় ক্লাবগুলো ১০ জন খেলোয়াড়ের পেছনেই ব্যয় করেছে ৩৩ মিলিয়ন পাউন্ড। যেখানে ১১৫ জন খেলোয়াড়ের পেছনে ১২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। আর ১০৪ জন খেলোয়াড়ের পেছনে স্প্যানিশ ক্লাবগুলোর ব্যয় মাত্র ৪২ মিলিয়ন পাউন্ড!
সোনালি ভবিষ্যতের দিকে তাকিয়ে চীনের ক্লাবগুলোর অর্থ ব্যয় একদমই বিফলে যায়নি। ২০১৫ সালে যেখানে স্থানীয় লিগের টিভিস্বত্ব বাবদ আয় হয়েছিল মাত্র ৯০ লাখ মার্কিন ডলার, সেখানে ২০১৬ সালেই আয় হবে ২০ কোটি ডলারের বেশি। আগামী পাঁচ বছরের জন্য লিগের টিভিস্বত্ব বিক্রি হয়েছে ১২০ কোটি ডলারে!
টাকায় টাকা আনে কি না, তা ব্যবসায়ীরাই ভালো বলতে পারবেন, কিন্তু অর্থ যে ফুটবলার টানে, সেটা তো চীনের দিকে তাকিয়ে পরিষ্কার বলা যাচ্ছে। আর এই টাকার টানে সাড়া দিতে পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার এজেকিয়েল লাভেজ্জি কিংবা ইংল্যান্ডের জন টেরিও নাকি রাজি! ফিফা, রয়টার্স, দ্য গার্ডিয়ান।