ইউরোপসেরা জার্মানির তরুণেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে জার্মানি। ছবি: এএফপি
অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে জার্মানি। ছবি: এএফপি

বিশ্ব ফুটবলে যে জার্মান আধিপত্য আরও বেশ কিছুদিন চলবে, সেটাই যেন প্রমাণ করলেন দেশটির অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলোয়াড়েরা। বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাটাও গিয়েছে জার্মানিতে।
ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে জার্মানি। এর আগে সেমিফাইনালে তারা ৪-০ গোলে হারিয়েছিল অস্ট্রিয়াকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটিতে ড্র করে জার্মানি পেয়েছিল সেমিফাইনালের টিকিট। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও উঠেছে জার্মান স্ট্রাইকার ডেভিড শেলকের হাতে। ছয়টি গোল করেছেন দীর্ঘদেহী এই ফুটবলার।
ইউরোজয়ী এই তরুণদের অনেককেই হয়তো আগামীতে দেখা যাবে জার্মানির মূল দলে। জার্মান ফুটবলকে যে নতুন প্রতিভার সংকটে পড়তে হবে না সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় দলের কোচ জোয়াকিম লো। ইউরোজয়ী তরুণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘এই দলটা দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছে। এই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপটা দেখিয়েছে যে, ভবিষ্যতে জার্মান ফুটবল অনেক নতুন প্রতিভা পেতে যাচ্ছে।’

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পরও স্পেনও টানা দুইবার (২০১১, ২০১২) জিতেছিল এই অনূর্ধ্ব-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা।