ইউরোপিয়ান গোলে মেসিকে পেরিয়ে রোনালদো

লিওনেল মেসির সব রাজত্বই একে একে যেন দখল করে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিফা বর্ষসেরা মুকুটের পর এবার মেসিকে হটিয়ে দিয়ে ইউরোপীয় টুর্নামেন্টে করা গোলসংখ্যায়ও শীর্ষে উঠে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা। গতকাল উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করে ইউরোপীয় প্রতিযোগিতায় রোনালদোর গোলসংখ্যা পৌঁছল ৭০-এ। মেসির গোল ৬৮টি।
২০১২ সালের এপ্রিলেও মেসির চেয়ে ১৮ গোল পেছনে ছিলেন রোনালদো। কিন্তু গত দুই মৌসুসে কেবল চ্যাম্পিয়নস লিগে ২৯ গোল করে দুর্দান্ত গতিতে এগিয়ে মেসিকে পাশ কাটিয়ে গেলেন পর্তুগিজ তারকা। রোনালদো ছুঁয়ে ফেললেন ইতালিয়ান তারকা ফিলিপ্পো ইনজাগিকে। সামনে এখন শুধুই রাউল। সাবেক রিয়াল তারকার গোল ৭৭টি। এই মৌসুমে রাউলকেও পেছনে ফেলা রোনালদোর জন্য স্রেফ সময়ের ব্যাপার।
তবে রোনালদো কি তার পরও স্বস্তিতে থাকতে পারবেন? মেসি শুধু বসে বসে রোনালদোর গোল-উত্সব দেখবেন? গতবার চোটের কারণে দুই মাসের মতো মাঠের বাইরে ছিটকে যাওয়াতেই লড়াইটা খুব একটা না হয় জমেনি। কিন্তু এবার এই জমে উঠল বলে! সূত্র: গোলডটকম।