ইউরোপিয়ান 'টনিকের' খোঁজে রিয়াল

হারাধনের তিনটি ছেলে, রইল বাকি এক। লা লিগা আর কোপা ডেল রে গেল, এখন শুধু বাকি চ্যাম্পিয়নস লিগ। জিনেদিন জিদান অবশ্য একটু আপত্তি করতে পারেন। কাগজে-কলমে লা লিগার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু জিদান নিজেও জানেন, ১০ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপার আশা না করাই ভালো। সে জন্যই আজ রোমার সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটায় নিশ্চয় বাড়তি একটু মনোযোগ দেবেন।
অবশ্য আজ খুব বেশি কিছু না করলেও হবে রিয়ালের। বেশির ভাগ কাজ তো আগের ম্যাচেই সেরে রেখেছে রিয়াল। শেষ ষোলোর প্রথম লেগে রোমাকে তাদের মাঠে গিয়েই ২-০ গোলে হারিয়ে এসেছে। এ অবস্থা থেকে শেষ আটে না খেলতে পারলে সেটা বিশাল অঘটনই হবে। আর গেলে সেটা হবে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের টানা ষষ্ঠ কোয়ার্টার ফাইনাল।
তবে ১২ মাসের আগের একটা স্মৃতি জিদান নিশ্চয় ভোলেননি। রোমার মতোই শালকেকেও ওদের মাঠে গিয়ে ২-০ গোলে হারিয়ে এসেছিল রিয়াল। কিন্তু বার্নাব্যুর ফিরতি লেগে ৪-৩ গোলে হেরে আরেকটু হলেই বাদ পড়তে বসেছিল। সেই সময় সহকারী কোচের ভূমিকায় থাকা জিদান এবার নিশ্চয় সে রকম কিছু চাইবেন না।
অবশ্য এই মৌসুমে বার্নাব্যুতে যে ফর্ম, তাতে জিদানের খুব একটা উদ্বেগের কারণ নেই। নিজেদের মাঠে ১৮ ম্যাচ খেলে ১৫ ম্যাচ জিতেছে রিয়াল, হেরেছে মাত্র দুটিতে, ড্র হয়েছে বাকি ম্যাচটি। এই সপ্তাহেই সেল্টা ভিগোর জালে ৭ গোল দিয়ে ‘পা’ মকশোটা ভালোই করেছে। চ্যাম্পিয়নস লিগই যে এখন রিয়ালের ধ্যানজ্ঞান, সেটা তো ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই জানিয়েছেন, ‘আমরা এখনো চ্যাম্পিয়নস লিগে আছি। আমরা এই প্রতিযোগিতাটা জিততে চাই। রিয়াল মাদ্রিদ যে সবচেয়ে বেশি ইউরোপিয়ান কাপ জিতেছে, এটা কোনো কাকতাল নয়। এখনো কিছুই শেষ হয়ে যায়নি, আমাদের মৌসুম শেষ না হওয়া পর্যন্ত চেষ্টা করে যেতে হবে।’
ভালো কিছু করার তাড়নাটা ক্রিস্টিয়ানো রোনালদোরই একটু বেশি থাকবে। আগের ম্যাচে ৪ গোল করেও দুয়ো শুনেছিলেন। এবার চ্যাম্পিয়নস লিগ জিতে নিশ্চয় একটা জবাব দিতে চাইবেন। চ্যাম্পিয়নস লিগের ফর্মটাও দারুণ যাচ্ছে, ৭ ম্যাচে করে ফেলেছেন ১২ গোল। দুই বছর আগে করা এক মৌসুমে নিজের ১৭ গোলের রেকর্ডটাও হাতছানি দিচ্ছে সামনে।
রাতের অন্য ম্যাচটায় অনেকটা এগিয়ে আছে ভলফ্সবুর্গ। বেলজিয়ান ক্লাব গেন্টের মাঠে আগের লেগটা তারা জিতেছিল ৩-২ গোলে। আজ তাই ড্র করলে তো বটেই, হারলেও সুযোগ থাকবে শেষ আটে ওঠার। এএফপি, রয়টার্স।
আজ মুখোমুখি
রিয়াল মাদ্রিদ-রোমা
ভলফ্সবুর্গ-গেন্ট
* স্বাগতিক দল প্রথমে