ইউরোপীয় ফুটবলের সেই 'হেইসেল ট্র্যাজেডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো এই প্রতিযোগিতার নাম ‘চ্যাম্পিয়নস লিগ’ হয়নি। ইউরোপিয়ান কাপ নামেই তখন পরিচিত ছিল ইউরোপের সেরা ক্লাব হওয়ার এই লড়াই। আজ থেকে ২৯ বছর আগে, ১৯৮৫ সালে এই ইউরোপিয়ান কাপ কলুষিত হয়েছিল ইতিহাসের ভয়াবহতম এক বিপর্যয়ে। দর্শক হাঙ্গামা আর হুড়োহুড়িতে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে সেবার প্রাণ হারিয়েছিলেন ৩৯ জন নিরীহ দর্শক। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আজও দর্শক-বিপর্যয়ের এই ইতিহাসকে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবে চিহ্নিত করে থাকে।
১৯৮৫ সালের ইউরোপিয়ান ক্লাব কাপের ফাইনালে উঠেছিল লিভারপুল ও জুভেন্টাস। মে মাসের ২৯ তারিখ ছিল প্রতিযোগিতার বহু কাঙ্ক্ষিত ফাইনাল। ফাইনালের ভেন্যু ব্রাসেলসের হেইসেল স্টেডিয়াম ছিল একটু পুরোনো ধাঁচের। ফাইনাল শুরু হওয়ার ঘণ্টা খানেক আগেই সেদিন ঘটে গিয়েছিল ইতিহাসের ভয়াবহতম দর্শকবিপর্যয়। ৬০ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন হেইসেল স্টেডিয়ামে সেদিন অতিরিক্ত দর্শকের উপস্থিতিই ছিল এই বিপর্যয়ের কারণ।

ঘটনা ঘটে যাওয়ার পরের দৃশ্যই বলে দিচ্ছে এর ভয়াবহতা । ছবি: সংগৃহীদ
ঘটনা ঘটে যাওয়ার পরের দৃশ্যই বলে দিচ্ছে এর ভয়াবহতা । ছবি: সংগৃহীদ

হেইসেল বিপর্যয়ের জন্য দায়ী করা হয় লিভারপুল সমর্থকদের। স্টেডিয়ামের ‘জেড’ জোনে অবস্থিত অপেক্ষাকৃত খালি একটি গ্যালারিতে তাঁদের জায়গা করে নেওয়ার প্রাণান্ত প্রচেষ্টার কারণেই সেদিন এই বিপর্যয়কর পরিস্থিতির উদ্রেক হয়। জেড জোনের ওই গ্যালারিতে ছিলেন মূলত জুভেন্টাস সমর্থকেরা। একটি লোহার বেড়া ভেঙে লিভারপুলের কয়েক হাজার সমর্থক ওই গ্যালারিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁরা (জুভেন্টাস সমর্থকেরা) আতঙ্কিত হয়ে গ্যালারির পেছনের দিকে সরে যেতে থাকেন। দুর্ভাগ্যজনকভাবে সেখানে একটি দেয়াল থাকায় জুভেন্টাস সমর্থকেরা নিজেদের জন্য আর নিরাপদ আশ্রয় খুঁজে নিতে পারেননি। লিভারপুল সমর্থকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুর মুখোমুখি হন তাঁরা। একটা পর্যায়ে ওই দেয়ালটি ধসে পড়লে তা বিপর্যয়কর পরিস্থিতিতে যোগ করে আরও ভয়াবহ মাত্রা।
এই ঘটনার পরও কিন্তু সেদিন ফাইনাল থেমে থাকেনি। নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল লিভারপুল ভেন্টাস আগুন লড়াই। ব্যাপারটি তীব্র সমালোচনার জন্ম দিলেও উয়েফা নাকি সেদিন আরও বড় দর্শক হাঙ্গামার আশঙ্কায় ম্যাচটি বাতিল করেনি। বলা বাহুল্য উয়েফার সেই অজুহাত খুব একটা পানি পায়নি মানবিকবোধসম্পন্ন মানুষের কাছে।
মানুষের মৃত্যুর গন্ধ আর শোকাতুর হাহাকারকে সঙ্গী করে লিভারপুল আর জুভেন্টাসের তারকা ফুটবলাররা সেদিন মুখোমুখি হয়েছিলেন মাঠের লড়াইয়ে। জুভেন্টাস দল সেদিন তাদের ৩৯ জন সমর্থকের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল লিভারপুলকে হারিয়ে প্রতিযোগিতার শিরোপা জিতে। তবে তাদের শিরোপার গৌরব ঢাকা পড়ে গিয়েছিল ৩৯টি তাজা প্রাণের বেদনাবিধুর স্মৃতিতে।

হেইসেল ট্র্যাজেডি স্থান পেয়েছিল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও। ছবি: সংগৃহীত
হেইসেল ট্র্যাজেডি স্থান পেয়েছিল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদেও। ছবি: সংগৃহীত

আগেই বলা হয়েছে এই ঘটনার পুরো দায়ভারই গিয়ে পড়ে লিভারপুলের ওপর। এই দুঃখজনক ঘটনার পর গঠিত উয়েফার তদন্ত দল পুরো ঘটনা তদন্ত করতে গিয়ে লিভারপুল সমর্থকদের সংশ্লিষ্টতা খুঁজে পায়। তদন্ত দলটি জানায়, অযাচিতভাবে জেড জোনের ওই গ্যালারিটিতে প্রবেশ করতে গিয়েই ওই বিপর্যয়কর পরিস্থিতির উদ্ভব। অথচ, জেড জোনের ওই গ্যালারিটি নির্দিষ্ট করা ছিল জুভেন্টাস সমর্থকদের জন্য। এ ঘটনার পর উয়েফা তাদের সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ইংলিশ ফুটবল ক্লাবগুলোকে। এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল ১৯৯১ সাল পর্যস্ত। হেইসেল বিপর্যয়ের কারণে ইংলিশ ক্লাবগুলোর ওপর নিষেধাজ্ঞার খড়গ নামিয়েও যথেষ্ট সমালোচনার সম্মুখীন হয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রকেরা। অনেকেই অভিযোগ করেছিলেন, হেইসেল স্টেডিয়ামটি এতটাই পুরোনো ছিল যে এমন একটা ঘটনা একটা না একটা সময় ঘটতই। সেদিন ইউরোপিয়ান কাপের ফাইনাল আয়োজনের জন্য ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামটি কোনোমতেই উপযোগী কোনো ভেন্যু ছিল না।
দুঃখজনক ওই ঘটনার পর হেইসেল স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়। সেই জায়গায় নতুন নাম দিয়ে তৈরি করা হয় নতুন এক স্টেডিয়াম। তবে ওই ‘অপয়া’ স্থানটি আর কোনো দিনই ফুটবলের জন্য ব্যবহৃত হয়নি।