ইউরোপে ইউরো-জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরজুড়ে ঝিম-ধরা আবহাওয়ার মধ্যে জুন-জুলাই মাসটি ইউরোপিয়ানদের কাছে আনন্দবার্তা নিয়ে আসে। প্রখর রোদে সারা বছর ম্রিয়মাণ হয়ে থাকা গাছপালা সতেজ-সবুজ হয়ে একটা চমৎকার আবহ তৈরি করে। সঙ্গে যদি যুক্ত হয় প্রিয় খেলা ফুটবল, তাহলে তো সোনায় সোহাগা। প্রকৃতির সঙ্গে ফুটবলের সখ্য রেখেই যেন ১৫তম ইউরো ফুটবলের মহোৎসব।
প্রায় ৭০ কোটি মানুষের আবাস ইউরোপ মহাদেশের প্রায় ৫০টি দেশেই সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলছে ২৪টি দেশ, তবে উৎসবের আমেজ ইউরোপজুড়েই। শুধু ইউরোপই বা কেন, সারা বিশ্বের ফুটবলপ্রেমীর দৃষ্টি এখন ফ্রান্সের দিকে।
ইউরোপের সবচেয়ে বড় মেগাসিটি ২২ লাখ মানুষ-অধ্যুষিত প্যারিস এমনিতেই সারা বিশ্বের মানুষের কাছে শিল্প, সংস্কৃতি আর বিপ্লবের পীঠস্থান বলে বিবেচিত। সারা বছরই এ শহরে পর্যটকদের ঢল নামে। আজ প্যারিস শহরের উপকণ্ঠে সেন্ট ডেনিসে যখন সবুজ ঘাসে বল গড়াবে, ফ্রান্স পরিণত হবে ইউরোপীয় ফুটবলের তীর্থে।
প্যারিস ও ব্রাসেলসে সন্ত্রাসী হামলার কথা মাথায় রেখে এই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে রীতিমতো সাজ সাজ রব। রেকর্ডসংখ্যক ৯০ হাজার নিরাপত্তারক্ষী থাকছেন। যাঁদের মধ্যে ৭০ হাজার পুলিশ, ১০ হাজার সেনা এবং বাকি ১০ হাজার বিভিন্ন বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী। এঁদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ইউরোর সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। খেলা চলাকালে মাঠে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন উয়েফার নিরাপত্তাকর্মীরাই। রাজধানী প্যারিসে সমর্থকদের জন্য মূল চত্বর করা হয়েছে আইফেল টাওয়ার-সংলগ্ন সিন নদীর তীরে। আয়োজকেরা আশা করছেন, বড় পর্দায় খেলা দেখতে এখানে প্রতিদিন লক্ষাধিক দর্শকের সমাবেশ ঘটবে।
দিন গোনা শেষ হওয়ার পর ইউরোকে ঘিরে পুরো ইউরোপই যেন কাঁপছে আবেগ আর উত্তেজনায়। ইউরোপিয়ানদের ফুটবল নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। ইউরো সেটিকে তুঙ্গে তুলেছে। ইউরোপের বড় শহরগুলোয় আবারও সেই ঢাউস টিভি পর্দা বসছে। রাস্তার পাশে বার-রেস্তোরাঁয় বাড়তি খরিদ্দার টানতে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। সুপারমার্কেটগুলোতেই জার্সি, খেলোয়াড়দের ছবিসংবলিত ছোট ছোট কার্ড, নানা দেশের বাহারি পতাকা দেদার বিক্রি হচ্ছে। পত্রপত্রিকা ও টেলিভিশনে বিশেষ আয়োজন শুরু হয়েছে খেলা শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে থেকেই।
প্রায় দেড় শ বছর আগে যে ইউরোপ মহাদেশে ফুটবল খেলার জন্ম, সেই মহাদেশীয় ফুটবলের আসর নিয়ে আগ্রহটা শুধুই ইউরোপে সীমাবদ্ধ নয়। কোপা আমেরিকার তুলনায় অনেক নবীন এই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, তবে আকর্ষণের দিক থেকে বোধ হয় বিশ্বকাপের পরই রাখতে হবে এটিকে।
ইউরোপীয় ফুটবলের ধরনটাও আলাদা। তারকা খেলোয়াড়, একক প্রতিভা কিংবা সৃজনশীলতাই এখানে সাফল্যের মূল নিয়ামক নয়। এখানে সাফল্য পাওয়ার পূর্বশর্ত হলো দলগত প্রচেষ্টা, সুচারু শারীরিক ও মানসিক প্রস্তুতি, সঙ্গে শৃঙ্খলা। এই সবকিছু মিলিয়েই ইউরোপিয়ান ফুটবল খুব গতিময়। যেটির টানে আজ থেকে ফুটবলে বুঁদ হয়ে থাকবে পুরো ইউরোপ। খেলা শুরু হতে আর কত দেরি?