
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নয়। সাবেক চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স বা স্পেনও নয়। ইউরোপ থেকে সবার আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে বেলজিয়াম। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বেলজিয়াম বাছাইপর্বে খুব একটা কঠিন গ্রুপে পড়েনি। তবে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস তো ছিল। পরশু তাদেরই ২-১ গোলে হারিয়ে আগামী বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে রবার্তো মার্টিনেজের দল।
এখনো দুটি ম্যাচ হাতে আছে। পরশুর জয়ে ৮ ম্যাচে ২২ পয়েন্ট বেলজিয়ামের। দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার পয়েন্ট ১৪। পরের দুটি ম্যাচ জিতলেও বসনিয়া ছুঁতে পারবে না এর আগে নয়টি বিশ্বকাপের মূলপর্বে খেলা বেলজিয়ামকে। সবার আগে ২০১৮ বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাওয়া নিয়ে একটি পাদটীকা যোগ করা আবশ্যক। স্বাগতিক হিসেবে বাছাইপর্ব খেলতে হয়নি রাশিয়ার। সব মিলিয়ে সবার আগে মূলপর্বের টিকিট তো তাদেরই হাতে।
এথেন্সে বেলজিয়ামকে জয় এনে দিয়েছেন আসলে রোমেলু লুকাকু। ক্লাব থেকে আন্তর্জাতিক ফুটবল। মঞ্চ বদলায়, বদলান না লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেড লাল জার্সির ফর্মটা টেনে নিয়ে গেছেন বেলজিয়ামের মেরুন জার্সিতেও। বৃহস্পতিবার জিব্রাল্টারের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আর পরশু ৭৪ মিনিটে জয়সূচক গোলটি এসেছে তাঁর পা থেকেই। ম্যাচের তিনটি গোল হয়েছে চার মিনিটের মধ্যে। ৭০ মিনিটে ইয়ান ভার্টোনে বেলজিয়ামকে এগিয়ে দেওয়ার তিন মিনিট পর গ্রিসকে সমতায় ফেরান পর্তুগিজ বংশোদ্ভূত মিডফিল্ডার জেকা।
দল বিশ্বকাপের মূলপর্বে উঠে যাওয়ার আনন্দের মধ্যেও মনের মধ্যে একটা খচখচানি আছে বেলজিয়ামের কোচ মার্টিনেজের, ‘ইউরোপ থেকে সবার আগে বাছাইপর্ব উতরানোর জন্য আমরা গর্বিত। কিন্তু এটা পরিষ্কার যে আমরা আজ (পরশু) ভালো খেলিনি। আমরা নিজেদের মতো খেলতে পারিনি।’
এদিকে গত শনিবার নিজেদের মাঠে ইতালিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে রাশিয়া-যাত্রা প্রায় নিশ্চিত করে ফেলেছে স্পেন। ‘জি’ গ্রুপে ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাবেক ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। বলাবলি হচ্ছিল, গত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া স্পেনের ফুটবলে ধস নামছে। কিন্তু ইসকো-মোরাতারা আরেকটি বিশ্বকাপ আসতেই তো বিশ্বকাপ জয়ের দাবিদার করে তুলছেন স্পেনকে! ইতালির বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো। অন্য গোলটি চেলসির ফরোয়ার্ড আলভারো মোরাতার। ‘এ’ গ্রুপে লুক্সেমবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স।
কনক্যাকাফ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে রাশিয়ার টিকিট পেয়েছে মেক্সিকো। গত শুক্রবার সুপার সাব হিরভিং লোজানোর গোলে পানামাকে ১-০-তে হারিয়েছে তারা। ৫১ মিনিটে বদলি হিসেবে নামার দুই মিনিট পরই গোল পেয়েছেন পিএসভি আইন্দহোফেনের এই উইঙ্গার। এএফপি, রয়টার্স।
