ইউরোপে হ্যাটট্রিকের রাত

রোনালদো আর মেসির কল্যাণে ফুটবলে হ্যাটট্রিক একরকম ডালভাতই হয়ে গেছে বলা যায়। তবে হ্যাটট্রিকের হ্যাটট্রিক তো আর প্রতিদিন হয় না! পরশু আর্মেনিয়ার সঙ্গে ৩ গোল করে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো! দেশের হয়ে এটি রোনালদোর তৃতীয় হ্যাটট্রিক।
ইউরো ২০১৬-এর বাছাইয়ে পরশুর রাতটাই ছিল হ্যাটট্রিকের। পর্তুগালের হয়ে রোনালদো যেমন ভেসেছেন হ্যাটট্রিকের উচ্ছ্বাসে, জার্মানির হয়ে তেমন আন্দ্রে শুরলে আর পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি। বড় দলগুলোর কেউ তেমন হোঁচট খায়নি, অঘটন বলতে ফারো আইল্যান্ডের কাছে গ্রিসের হার।
আর্মেনিয়ার সঙ্গে পর্তুগালের ম্যাচটাই ছিল রোনালদোময়। শুরুতে পিছিয়ে পড়ার পর সিআর-সেভেন ব্যবধান কমিয়েছেন পেনাল্টি থেকে। ৫৫ মিনিটে করেছেন নিজের দ্বিতীয় গোল (২-১), আর ৫৮ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে পূরণ করেছেন হ্যাটট্রিক (৩-১। টিয়াগো লাল কার্ড দেখায় পর্তুগাল পরে ১০ জনের দল হয়ে পড়ে। আর্মেনিয়া ব্যবধান কমিয়ে ফেলেছিল (৩-২), কিন্তু সমতাসূচক গোলটা শেষ পর্যন্ত পায়নি। রোনালদো পরে টুইটারে এক ভিডিওবার্তায় বলেছেন, ‘ওটা ছিল অসাধারণ একটা মুহূর্ত’।
লেভানডফস্কির হ্যাটট্রিকটা ‘শেষ রাতে ওস্তাদের মার’ বলাই যায়। ম্যাচের ৮৮ মিনিট হয়ে গেছে, এক গোলে এগিয়ে থেকে জর্জিয়ার বিপক্ষে জয় দেখছে পোল্যান্ড। ৮৯ মিনিটে ব্যবধান বাড়ালেন ‘লেভা’, যোগ করা সময়ে করলেন আরও ২ গোল। চার মিনিটের হ্যাটট্রিক ইউরো বাছাইপর্বের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম, ১৯৯৯ সালে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তুরস্কের আরিফ এরদেম। ৪-০ গোলে জয়ের পর বায়ার্নের পোলিশ স্ট্রাইকার তাঁর দলকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দেখছেন ইউরোর মূলপর্বে, ‘আগে আমাদের পক্ষে এভাবে ম্যাচ জেতা সম্ভব ছিল না। আগের কয়েক মাসের চেয়ে এই দলটা অন্য রকম।’
শুরলের হ্যাটট্রিকে জার্মানির বড় জয়টা বিস্ময়কর কিছু ছিল না। জিব্রাল্টারের বিপক্ষে ৭-০ গোলের জয়টা তো প্রত্যাশিতই ছিল। ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত জার্মানি, পেনাল্টি মিস করেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার। ২৮ মিনিটে প্রথম গোল করার পর ৭১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন শুরলে। ম্যাক্স ক্রুসের দুই গোলের পাশে ইলকায় গুন্ডোয়ান ও করিম বেল্লারাবি একটি করে গোল করেছেন।
র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৭৭, গ্রিস আছে ২৫-এ, ফারো আইল্যান্ড ১০২-এ। কিন্তু ঘরের মাঠের পর দুর্বল ফারোর সঙ্গে তাদের মাঠে গিয়েও হারল গ্রিস। গ্রুপে সবার তলানিতে দলটি, মূল পর্বে খেলতে হলে ২০০৪ চ্যাম্পিয়নদের আরেকটা রূপকথারই জন্ম দিতে হবে। এএফপি।
এক নজরে ফল
জিব্রাল্টার ০ : ৭ জার্মানি
লাটভিয়া ০ : ২ হল্যান্ড
পোল্যান্ড ৪ : ০ জর্জিয়া
ফারো আইল্যান্ড ২ : ১ গ্রিস
আর্মেনিয়া ২ : ৩ পর্তুগাল
ডেনমার্ক ২ : ০ সার্বিয়া
আয়ারল্যান্ড ১ : ১ স্কটল্যান্ড
* আগে স্বাগতিক দল