ইউরোপের গোলমেশিনরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষ চার লিগের গোলদাতা
শীর্ষ চার লিগের গোলদাতা

একটা সহজ প্রশ্ন করা যাক, ইউরোপের শীর্ষ লিগগুলোয় এ মুহূর্তে সবচেয়ে বেশি গোল কার? ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা হয়তো আপনার জিবের ডগায় এসে পড়েছে। দুই সপ্তাহ আগে হলে লিওনেল মেসির নামটাই বলতেন। লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথটা যেন বছর পাঁচেক ধরে পালা-পার্বণের মতো হয়ে গেছে। এ মুহূর্তে রোনালদো (৩৭) মেসির চেয়ে ৪ গোলে এগিয়ে আছেন, তবে মৌসুম শেষে পিচিচি ট্রফিটা কার হাতে উঠবে, সেটা অনুমান করা কঠিন।
এবার এর চেয়ে একটু কঠিন প্রশ্ন। মেসি-রোনালদোর পর ইউরোপের অন্য তিনটি শীর্ষ লিগে বেশি গোল কার? সেখানে কিন্তু একজন নয়, জ্বলজ্বল করছে তিনজনের নাম—চেলসির ডিয়েগো কস্তা, টটেনহামের হ্যারি কেন, ফ্রাঙ্কফুর্টের আলেকজান্ডার মেয়ার। বলা বাহুল্য, মেসি-রোনালদোর চেয়ে তিনজনই অনেক পিছিয়ে। প্রত্যেকের ১৯টি করে গোল। কস্তার নামটা অবশ্য প্রত্যাশিতই, কয়েক মৌসুম ধরেই আলো ছড়াচ্ছেন ইউরোপে। কিন্তু বাকি দুজন? কেনের বয়স মাত্র ২১, অথচ গোল করার দারুণ ক্ষমতার কারণে নাম হয়ে গেছে ‘হারিকেন’। ইংল্যান্ড দলেও অভিষেক হয়ে গেছে, ওয়েইন রুনির যোগ্য সঙ্গী পাওয়া গেল বলে স্বস্তির নিশ্বাস ফেলছে ব্রিটিশরা।
কেনের নামটা ইংলিশ লিগের সুবাদে পরিচিত ঠেকতে পারে, কিন্তু আলেকজান্ডার মেয়ারের নাম শোনার কারণ নেই। আরও অবাক করা ব্যাপার, বুন্দেসলিগার এই সর্বোচ্চ গোলদাতা আদতে স্ট্রাইকারই নন, অ্যাটাকিং মিডফিল্ডার। অথচ রোবেন, লেভানডফস্কিদের ছাপিয়ে জার্মানির লিগে সবচেয়ে বেশি গোল মেয়ারেরই। তবে জার্মানি জাতীয় দলে তাঁকে দেখার আশা করলে বোধ হয় নিরাশ হতে হবে। এখনো জাতীয় দলে কোনো ম্যাচ খেলেননি, বয়স হয়ে গেছে ৩১। এই বয়সে এই জার্মানিতে সুযোগ পাওয়াটা কঠিনই।
সেই আশাটা ছেড়ে দিতে পারেন লুকা টনিও। একসময় ইতালির নিয়মিত মুখ ছিলেন, পড়তি ফর্ম আর চোট মিলিয়ে চলে গিয়েছিলেন বিস্মৃতির অতলে। সেখান থেকে ফিরে গত দুই বছরে ভেরোনার হয়ে দারুণ ফর্মে। সিরি ‘আ’তে এই মৌসুমে তাঁর চেয়ে বেশি গোল আছে শুধু এসি মিলানের জেরেমি মেনেজ (১৬) ও জুভেন্টাসের কার্লোস তেভেজের (১৭)। গত মৌসুমেও ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। কিন্তু বয়স যেহেতু ৩৭, টনির জন্য আজ্জুরিদের দরজা হয়তো বন্ধ হয়ে গেছে চিরতরেই। সেই তুলনায় তেভেজের ভাগ্য বরং ভালো। জুভেন্টাসের হয়ে দারুণ খেলেও আর্জেন্টিনা দলে এত দিন উপেক্ষিত ছিলেন। আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো অবশেষে ৩১ বছর বয়সী ফুটবলারকে অবশেষে ডেকেছেন।
আবার স্পেনে ফিরে আসা যাক। লা লিগায় মেসি-রোনালদো বাকিদের চেয়ে কতটা এগিয়ে আছেন, সেটা বোঝাবে একটা পরিসংখ্যান। লিগে এখন পর্যন্ত দুজনের মোট গোল ৭০, শীর্ষ ছয়ের বাকি চার ফুটবলারের মোট গোল ৬৬! মেসি-রোনালদোর পর ১৭ গোল নিয়ে আছেন নেইমার আর সেভিয়ার কার্লোস বাক্কা, সিরি ‘আ’তে খেললে দুজনই হতেন সর্বোচ্চ গোলদাতা! ইউরোপের গোল্ডেন বুটের লড়াইয়েও মেসি-রোনালদো ধরাছোঁয়ার বাইরে।
ও হ্যাঁ, ফ্রেঞ্চ লিগকে হিসেবে ধরলে একটা মজার তথ্য পাবেন। বড় লিগগুলোর মধ্যে লিগ ওয়ানেই মেসি-রোনালদোর বাইরে কেউ ২০ গোলের বেশি করেছেন। অলিম্পিক লিঁওর আলেকজান্ডার লাকাজাতে এর মধ্যেই করে ফেলেছেন ২৪ গোল, ২৩ বছর বয়সী স্ট্রাইকারকে শিগগিরই হয়তো বড় কোনো ক্লাবে দেখা যাবে।

শীর্ষ চার লিগের গোলদাতা
ইংলিশ প্রিমিয়ার লিগ
১৯ ডিয়েগো কস্তা (চেলসি)
হ্যারি কেন (টটেনহাম)
১৭ সার্জিও আগুয়েরো (ম্যান সিটি)
চার্লি অস্টিন (কিউপিআর)
লা লিগা
৩৭ ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
৩৩ লিওনেল মেসি (বার্সেলোনা)
১৭ নেইমার (বার্সেলোনা)
কার্লোস বাক্কা (সেভিয়া)
বুন্দেসলিগা
১৯ আলেকজান্ডার মেয়ার (ফ্রাঙ্কফুর্ট)
১৭ আরিয়েন রোবেন (বায়ার্ন)
১৪ রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন)
১৩ বাস ডস (ভলফ্সবুর্গ)
সিরি আ
১৭ কার্লোস তেভেজ (জুভেন্টাস)
১৬ জেরেমি মেনেজ (এসি মিলান)
১৫ লুকা টনি (ভেরোনা)
মাউরো ইকার্ডি (ইন্টার মিলান)