ইউরোপের দলের বিপক্ষে ভুগবে ব্রাজিল-আর্জেন্টিনা? তিতের পাল্টা যুক্তি

ব্রাজিল কোচ তিতেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল ফেবারিট। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এ এক অলিখিত প্রথা। দল যেমনই হোক, বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিটের বাইরে রাখার ঝুঁকি কেউ নেয় না।

এবার তো তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণই নেই। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, আন্তনিদের নিয়ে এবারের ব্রাজিল দলটা যে প্রতিভায় ঠাসা! গতকাল কাতার বিশ্বকাপে দলগুলোর ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকে ব্রাজিলের ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের সঙ্গে ‘জি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। প্রতিপক্ষদের মধ্যে দুটি দল ইউরোপের, অন্যটি আফ্রিকার। তিনটি দল-ই বেশ শক্তিশালী।

শক্তিশালী প্রতিপক্ষকে ঘায়েল করার প্রস্তুতিও তো ভালো হতে হবে। অনেকের চোখে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমস্যাটা ঠিক এখানেই। ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ যে সেভাবে খেলা হচ্ছে না!

তবে ব্রাজিল কোচ তিতে এটিকে সমস্যা মানলেও পাল্টা যুক্তিও দিয়ে রেখেছেন। কী সেই যুক্তি? ইউরোপিয়ান দলের সঙ্গে না–খেলা যদি ব্রাজিল-আর্জেন্টিনার জন্য সমস্যা হয়, ইউরোপিয়ান দলগুলোও যে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না, সেটি কি ইউরোপিয়ান দলের জন্যও সমস্যা নয়?

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল
ছবি: এএফপি

বিশ্বকাপ শুরুর আগে সব দলই প্রস্তুতি ম্যাচ খেলে, এসব ম্যাচেই নেওয়া হয় বিশ্বকাপের প্রস্তুতি। আর্জেন্টিনা-ব্রাজিলের সমস্যা হলো, তাঁদের প্রস্তুতি ম্যাচের তালিকায় তেমন শক্তিশালী কোনো ইউরোপিয়ান প্রতিপক্ষ নেই।

আর্জেন্টিনা তবু ১ জুন ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে খেলবে, ব্রাজিলের সে সুযোগও নেই। প্রস্তুতি ম্যাচের জন্য সুবিধামতো দিন-তারিখ বের করতে না পারায় বিশ্বকাপের আগে ইউরোপের কোনো দলের মুখোমুখি হতে পারছে না ব্রাজিল।

ব্রাজিল-আর্জেন্টিনার জন্য এই ঘাটতিটুকু বড় হয়ে উঠতে পারে। তবে ব্রাজিলের কোচ তিতে মুদ্রার ওপিঠও দেখছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’কে ব্রাজিল কোচ বলেন, ‘ইউরোপের দলগুলোর মুখোমুখি হতে না পারায় কি সমস্যা হবে? হ্যাঁ হবে। কিন্তু ইউরোপের দলগুলোরও সমস্যা হবে। কারণ, তারাও ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে কিংবা ইকুয়েডরের মুখোমুখি হবে না বিশ্বকাপের আগে।’

কাল বিশ্বকাপের ড্রয়ে কাফুর হাতে ব্রাজিলের নাম
ছবি: এএফপি

বিশ্বকাপের আগে ইউরোপের বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ না পাওয়ায় ব্রাজিল কতটা ভালো, তা নিশ্চিতভাবে যাচাই করতে পারছেন না তিতে, ‘এমন ম্যাচগুলো না হওয়ায় সন্দেহ তো থাকেই।’

২০১৪ থেকে ২০১৮—দুটি বিশ্বকাপের মাঝের চার বছরে ইউরোপের আটটি দলের মুখোমুখি হয়েছে ব্রাজিল। কিন্তু ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর একবারই ব্রাজিল ইউরোপের দলের বিপক্ষে খেলেছে ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

এদিকে আর্জেন্টিনা মেক্সিকোর সঙ্গে প্রীতি ম্যাচও বাতিল করেছে। কারণ, দুটি দল বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে।

বিশ্বকাপের আগেই নিজেদের খেলার ধরন প্রতিপক্ষের কাছে উন্মোচন করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, ‘আমরা কীভাবে খেলব, সেটা আমরা জানি। তাই অন্য দল দেখতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে খেলেই বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই। সেটা সম্ভব না হলে অন্য দল খুঁজতে হবে।’

ইসরাইল কিংবা অস্ট্রেলিয়াকে মেক্সিকোর বিকল্প প্রতিপক্ষ হিসেবে পেতে পারে আর্জেন্টিনা। যদিও এখনো বিষয়টি নিশ্চিত হয়নি। এ ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে স্থগিত হওয়া ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচও আছে, জুন-সেপ্টেম্বরে এ ম্যাচ হতে পারে। কিংবা প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আরব কোনো দলকেও পেতে পারে আর্জেন্টিনা।