ইউরোপের সবচেয়ে 'সাহসী' দেশ তারা

ইউরোপের সব লিগ বন্ধ হওয়ার আগে কিছুদিন দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা চালানোর চেষ্টা হয়েছিল। সেটা করেও করোনা সংক্রমণ আটকানো যায়নি। কিন্তু বেলারুশ সেসব মানতে চাচ্ছে না। ধীরে ধীরে যেখানে বিশ্বের অধিকাংশ দেশ খেলা বন্ধ করে দিচ্ছে, সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরও বৃহস্পতিবার বেলারুশ প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। সেটাও গ্যালারিতে দর্শক নিয়েই। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের সুবাদে বেশ পরিচিত নাম বাতে বরিসভ ৩-১ গোলে হেরেছে এনারজেটিক-বিগুর কাছে।
বেলারুশে এখনো করোনা সংক্রমণে কারও মৃত্যু না হলেও ৫১ জন আক্রান্ত হয়েছেন। এমন ভয়ংকর পরিস্থিতিতেও লিগ শুরু হচ্ছে কেন? এমন প্রশ্ন করতেই খেপে গেছেন বেলারুশের ফুটবল ফেডারেশন সভাপতি ভ্লাদিমির বাজানোভ, ‘কেন শুরু করব না? আমাদের দেশে কি জরুরি অবস্থা ডাকা হয়েছে? গুরুতর কিছু তো হয়নি। তাই সিদ্ধান্ত নিয়েছি সময় মতোই চ্যাম্পিয়নশিপ শুরু করা হবে। আর সেটা আজই (বৃহস্পতিবার)।’
ইউরোপের অন্য সব দেশের লিগের খুঁত বের করেছেন বাজানোভ, ‘ইউরোপে অনেক ম্যাচ দর্শক ছাড়া আয়োজন করা হয়েছে। কিন্তু দর্শক তো ঠিকই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছিল। তাহলে গ্যালারি বন্ধ করে তো কোনো লাভ হচ্ছে না।’ ইউরোপের বাকি দেশগুলো লিগ স্থগিত করে দিয়েছে, এমন খবরেও তেলে-বেগুনে জ্বলে উঠেছেন বাজানোভ, ‘খোদার দোহাই! আমাদের এতটা বাজে অবস্থা হয়নি...আমরা আতঙ্কিত নই। দেশে এখনো এমন কিছু হয়নি যাতে আমাদের সব বন্ধ করে দিতে হবে। কেন বাড়াবাড়ি করব?’
বেলারুশের প্রেসিডেন্টের কথা শুনে থাকলে ফুটবল ফেডারেশন সভাপতির এমন আচরণ অবশ্য গ্রহণযোগ্যই মনে হবে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর উপায় হিসেবে গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্দর লুকাশেনকো সবাইকে উপদেশ দিয়েছেন, ‘ভদকা পান কর, উষ্ণ স্নান নাও আর কঠোর পরিশ্রম কর।’ গত ১৬ মার্চ আনুষ্ঠানিক এক আলোচনায় লুকাশেনকো বলেছিলেন, ‘আমি পান করি না কিন্তু ইদানীং সবাইকে বলছি ভদকা দিয়ে যেন হাত ধুয়েই যেন না থামে, ভাইরাসও যেন এ দিয়ে মারার ব্যবস্থা করে। প্রতিদিন ৪০ থেকে পঞ্চাশ মিলিলিটার পরিশোধিত স্পিরিট পান করা উচিত কিন্তু কাজের সময় না।’
করোনা ঠেকাতে লুকাশেনকো আরও বেশ কিছু ‘নিদান’ দিয়েছিলেন সেদিন। বলেছিলেন, ‘আপনাদের কাজ করতে হবে, বিশেষ করে গ্রামের দিকে। টেলিভিশন দেখুন। কী ভালো লাগে, তাই না। যখন দেখেন সবাই ট্রাক্টর নিয়ে কাজ করছে, কেউ ভাইরাস নিয়ে কথা বলছে না। ট্রাক্টর সবাইকে ভালো করে দেবে। মাঠ সবাইকে ভালো করে দেবে।’
ট্রাক্টর উৎপাদনের জন্য বিখ্যাত দেশটিতে গত ২৬ বছর ধরে ক্ষমতায় আছেন লুকাশেনকো। পশ্চিমা সাংবাদিকেরা তাঁকে বিশ্বের ‘সর্বশেষ স্বৈরাচার’ বলে ডাকতে পছন্দ করেন।