ইউরোপের সমর্থন ইনফান্তিনোকে
নৈতিকতা কমিটির শাস্তি পাওয়ার আগে মিশেল প্লাতিনিই ফিফা সভাপতি পদে সবচেয়ে অগ্রবর্তী প্রার্থী ছিলেন। উয়েফাও সর্বসম্মতিক্রমে তাদের সভাপতিকেই সমর্থন জানিয়েছিল। কিন্তু প্লাতিনি না থাকায় উয়েফার সমর্থন কোন দিকে যায় সেটি দেখার অপেক্ষা ছিল। এ ব্যাপারে কোনো ঝুঁকি নেয়নি ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। সর্বসম্মতিক্রমে প্লাতিনির ‘ডান হাত’ বলে পরিচিত সুইজারল্যান্ডের জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দিচ্ছে তারা।
প্লাতিনি না থাকায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ফিফার সভাপতি নির্বাচনটা বেশ উন্মুক্তই মনে হচ্ছে। সভাপতি পদে প্রার্থী এখন পাঁচজন। উয়েফার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জিয়ান্নি ইনফান্তিনো ছাড়াও আছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী।
সর্বশেষ নির্বাচনে অবশ্য উয়েফার একটা বড় অংশের সমর্থন পেয়েছিলেন প্রিন্স আলী। পরে নতুন নির্বাচনে প্লাতিনি প্রার্থিতা ঘোষণার পর প্লাতিনিই সমর্থন পান উয়েফার। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে উয়েফা এখন ইনফান্তিনোর দিকে ঝুঁকেছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উয়েফার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে আগামী ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।’ গোলডটকম।