ইউরোপের সেরা যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের হয়ে কিছুদিন আগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ওয়েইন রুনি। ১৭তম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে ছুঁয়েছেন দেশের হয়ে ৫০ গোলের মাইলফলকও। ২৯ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার ছাড়া আর কারা আছেন এই অভিজাত তালিকায়? থাকছে শীর্ষ পাঁচজনের গল্প

১. ফেরেঙ্ক পুসকাস

  • হাঙ্গেরি ও স্পেন
ফেরেঙ্ক পুসকাস
ফেরেঙ্ক পুসকাস
  • ৮৯ ম্যাচে ৮৪ গোল

বুদাপেস্টের এক গউন্দ (রাস্তার পাশের ফাঁকা মাঠ) থেকে বিশ্ব ফুটবলের ‘দ্য গ্যালোপিং মেজর’ হয়ে উঠেছিলেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে স্পেনের নাগরিকত্ব নিয়ে ওই দেশটির হয়ে ৪টি ম্যাচ খেলেছিলেন, গোল পাননি একটিও। সেই হিসাবটা বাদ দিলে, হাঙ্গেরির হয়ে ৮৫ ম্যাচে ৮৪ গোল! পঞ্চাশের দশকের শুরুতে সান্দোর ককসিস, জলতান চিবর, নান্দোর হিদেকুতি ও ইউজেফ বজিকের মতো অসাধারণ সব খেলোয়াড়কে নিয়ে গড়া ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ নামে খ্যাত হাঙ্গেরি দলের প্রাণভোমরা ছিলেন ফেরেঙ্ক পুসকাস। তাঁর সময়েই টানা চার বছর অপরাজিত থেকে ১৯৫৪ সালে ফিফা ইতিহাসের সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিল হাঙ্গেরি, ৪২ জয় আর ৭টি ড্রয়ের পর যাদের একমাত্র পরাজয়টি এসেছিল ১৯৫৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে!

২. সান্দোর ককসিস

  • হাঙ্গেরি
  • ৬৮ ম্যাচে ৭৫ গোল
সান্দোর ককসিস
সান্দোর ককসিস

ককসিস হেড করেছেন আর গোল হয়নি, এ দৃশ্য কেউ দেখেছেন বলে মনে হয় না। বাতাসে এত অসাধারণ ছিলেন, তাঁর নামই হয়ে গিয়েছিল ‘ম্যান উইথ দ্য গোল্ডেন হেড’। ভাবা যায়, হাঙ্গেরির সেই বিখ্যাত দলে পুসকাসের সঙ্গে তিনিও ছিলেন! শুধু ছিলেন বললে আসলে ভুল বলা হয়, ম্যাচ প্রতি গোলের হারে পুসকাসের চেয়েও এগিয়ে ককসিস। দেশের হয়ে অন্তত ৪০টি ম্যাচ খেলেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে ম্যাচ প্রতি গোলের হিসাবে তিনিই সবার ওপরে, দ্বিতীয় জার্ড মুলার, তৃতীয় পুসকাস।

৩. মিরোস্লাভ ক্লোসা

মিরোস্লাভ ক্লোসা
মিরোস্লাভ ক্লোসা
  • জার্মানি
  • ১৩৭ ম্যাচে ৭১ গোল

২০০২ সালে যখন প্রথমবার বিশ্বকাপে খেলতে যান, কেউ বোধ হয় কল্পনাও করেননি ক্লোসাই একদিন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হবেন। বারো বছর পর ক্লোসার নামের পাশে ১৬টি বিশ্বকাপ গোল, অকল্পনীয় ব্যাপারটাই এখন বাস্তব! ফুটবল ইতিহাসের সেই বিরল খেলোয়াড়দের একজন, যাঁরা ক্লাবের হয়ে বেশি কিছু করতে না পারলেও শুধু বিশ্বকাপ খেলেই স্মরণীয় হয়ে থাকবেন। হেডে দক্ষতা আর ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য তাঁকে আলাদা করে দেবে অনেকের চেয়ে।

৪. জার্ড মুলার

  • জার্মানি
  • ৬২ ম্যাচে ৬৮ গোল
জার্ড মুলার
জার্ড মুলার

বায়ার্ন মিউনিখে তাঁর প্রথম কোচ চিক চাকোভস্কি ডাকতেন ‘ছোট, মোটা মুলার’ বলে। সেই ছেলেটাই পরে হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ স্ট্রাইকারদের একজন। ১৯৭০ বিশ্বকাপে ১০ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। ১৯৭২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ বিশ্বকাপ—দুটি ফাইনালেই গোল করেছেন। ৬৮ গোলের ১৪টি বিশ্বকাপে, ক্লোসা-রোনালদোর আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা ৩২ বছর তাঁরই ছিল।


৫. রবি কিন

  • আয়ারল্যান্ড
  • ১৪২ ম্যাচে ৬৭ গোল
রবি কিন
রবি কিন

মুলার, পুসকাস কিংবা ককসিসদের মতো কিংবদন্তিদের পাশে তাঁর নামটা একটু বেমানান লাগতে পারে। তবে এখনো খেলে যাচ্ছেন, এমন ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে দেশের হয়ে সবচেয়ে বেশি গোল রবি কিনের। শুধু তা-ই নয়, ইউরো বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের (২১) রেকর্ডও ৩৫ বছর বয়সী এই আইরিশ স্ট্রাইকারের।

আরও যঁারা আছেন
আরও যঁারা আছেন