ইউরোর আগে এক সপ্তাহ বিশ্রাম রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ছেলের সঙ্গে রোনালদো। ছবি: এএফপি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ছেলের সঙ্গে রোনালদো। ছবি: এএফপি।

৯০ মিনিটের ম্যাচ, এরপর যোগ করা সময়ের ৩০ মিনিট। এরপর আবার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী উত্তেজনা। আর এরপর শিরোপা জেতার বাঁধভাঙা আনন্দে ভেসে যাওয়া তো আছেই। একটা রাতে শারীরিক ও মানসিকভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর এর চেয়ে বেশি ধকল যেতে পারত না। ১১ দিন পরেই আবার শুরু ইউরো। আর আগে তো একটু বিশ্রাম তো দরকার। রোনালদোকে তাই এক সপ্তাহ ছুটি দিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

ইউরোর জন্য দলগুলোর প্রস্তুতি এর মধ্যেই শুরু হয়ে গেছে। প্রীতি ম্যাচও খেলছে সব দল। পর্তুগালও যেমন কাল প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে হারাল নরওয়েকে। কিন্তু রোনালদো তখন ব্যস্ত চ্যাম্পিয়নস লিগ জয়ের পর মাদ্রিদের উৎসবে। আপাতত দলের সঙ্গে যোগ দিতে হবে না রোনালদোকে। পর্তুগাল ও রিয়াল সতীর্থ পেপেও পেয়েছেন এক সপ্তাহের বিশ্রাম। তার মানে সামনের বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে দুজনের কেউই থাকছেন না। ওই ম্যাচে তুর্কি ক্লাব ফেনারবাচের দুই পর্তুগিজ খেলোয়াড় নানি ও ব্রুনো আলভেসও থাকছেন না ওই ম্যাচে। দুজনেই পরশু তুর্কি কাপ ফাইনালে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলেছেন।
ইউরোতে আইসল্যান্ড, হাঙ্গেরি ও অস্ট্রিয়ার সঙ্গে গ্রুপ এফ-এ পড়েছেন রোনালদোরা। ১৪ জুন প্রথম ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ আইসল্যান্ড।