ইউরোর আগে জার্মানির হোঁচট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির জশুয়া কিমিখ ও স্লোভাকিয়ার ডুসান ভেনতোর বল দখলের লড়াই। কাল অগসবুর্গে। ছবি: এএফপি।
জার্মানির জশুয়া কিমিখ ও স্লোভাকিয়ার ডুসান ভেনতোর বল দখলের লড়াই। কাল অগসবুর্গে। ছবি: এএফপি।

বিরতির সময় হঠাৎ করেই অগসবুর্গে তুমুল ঝড়। সেই ঝড়ের ঝাপটায় যেন দিশেহারা হয়ে পড়ল জার্মানি। স্লোভাকিয়ার কাছে ৩-১ গোলে হেরে শুরু হলো ইউরোর প্রস্তুতি।


জার্মানির নিয়মিত একাদশের প্রায় সবাইকে বসিয়ে রেখেছিলেন কোচ জোয়াকিম লো। চারজনের অভিষেক হয়েছে এই ম্যাচে। ১৩ মিনিটে অবশ্য মারিও গোটশের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৪১ ও ৪৪ মিনিটে মারেক হামসিক ও মিকাল ডুরিসের গোলে উল্টো এগিয়ে যায় স্লোভাকিয়া। এরপরই অগসবুর্গে শুরু হয়ে যায় ঝড়। বিরতিটাও ১৫ মিনিট থেকে ৩৫ মিনিট পর্যন্ত বেড়ে যায়।

দ্বিতীয়ার্ধে ভারী মাঠে জার্মানি আর তেমন সুবিধা করতে পারেনি। উল্টো ৫২ মিনিটে জুরাজ কুচকা আরও এক গোল দিয়ে এগিয়ে নিয়েছেন স্লোভাকিয়াকে। এবারই ইউরোতে অভিষেক হতে যাচ্ছে স্লোভাকিয়ার। রাশিয়া, ইংল্যান্ড ও ওয়েলসের সঙ্গে গ্রুপ পর্বের আগে আত্মবিশ্বাসের জ্বালানি অনেকটুকুই ভরে নিতে পারল তারা।

জার্মানির কোচ লো পরাজয়ের চেয়ে আপাতত দল নিয়েই ভাবছেন। কালকের মধ্যেই ২৭ জনের দল থেকে চারজনকে ছেঁটে ফেলতে হবে। ইউরোর আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। সামনের শনিবার গেলসেনকিরচেনে প্রতিপক্ষ হাঙ্গেরি।

জার্মানি হারলেও কাল জয় পেয়েছে স্পেন ও ইতালি। সুইজারল্যান্ডে বসনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে স্পেন। জোড়া গোল করেছেন নলিতো, অন্য গোলটি পেদ্রোর। আর মাল্টায় ইতালি ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। গ্রাজিয়ানো পেল্লে করেছেন ম্যাচের একমাত্র গোলটি।