ইউরোর শেষ ষোলোতে কে কার মুখোমুখি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নাটকীয়তায় ভরা শেষ দিনই দেখল ইউরো। বাঁচা-মরার সমীকরণে খেলতে নেমে দলগুলোর প্রাণান্ত লড়াইয়ে ফুটবল যেন হাজির হয়েছিল তার আদি-অকৃত্রিম রূপ নিয়ে। ৬ গোলের নাটকীয় ম্যাচে ড্র করে পর্তুগাল-হাঙ্গেরি দুই দলেরই শেষ ষোলোতে জায়গা করে নেওয়া; বেলজিয়ামের কাছে হেরে সুইডেনের বিদায়, সঙ্গে ইব্রাহিমোভিচেরও নিঃশব্দে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যাওয়া; আয়ারল্যান্ড শেষ ষোলোতে ওঠার আনন্দে রয় কিনের মতো আপাত-কঠোর মানুষের চোখেও জল গড়িয়ে পড়া—হাসি-কান্নার অনেক ছোটগল্প দিয়েই শেষ হলো ইউরোর গ্রুপপর্ব। 

এবার অপেক্ষা নকআউট পর্বের। যেখানে প্রতিটি ম্যাচই ফাইনাল, প্রতিটি ম্যাচেই দলগুলো মাঠে নামবে প্রতিপক্ষকে মরণ-কামড় দিতে। কারও জন্য টুর্নামেন্টের বাকি রাস্তাটা হয়তো কাগজে-কলমে হয়তো সহজ, কারও জন্য শুরুতেই অপেক্ষা করছে কঠিন লড়াই। কে কার মুখোমুখি হচ্ছে ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া নকআউট পর্বে?
ইউরোতে অবশ্য বড়-ছোট দলের তকমা এখন আর কাউকে সরাসরি দিয়ে দেওয়া যায় না। গ্রুপপর্বের ফল সেই কথাই বলে। তবু ইতিহাস-ঐতিহ্যে বড় দলগুলোর জন্যই কাজটা বেশি কঠিন। প্রায় সবগুলো দলই তো একই দিকে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকেই দেখুন। শেষ ষোলোতেই ইনিয়েস্তা-রামোসদের পড়তে হচ্ছে গতবারের রানার্সআপ ইতালির সামনে। সেখান থেকে জিতে ফিরতে পারলেও কী সহজ কিছু আছে? যেন উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ার মতো, ইতালি/স্পেনকে এরপর একে একে মুখোমুখি হতে পারে জার্মানি, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোর।
জার্মানির শেষ ষোলোর প্রতিপক্ষ স্লোভাকিয়া। এখানে জিতলে কোয়ার্টার ফাইনালে স্পেন/ইতালির জয়ী দল। স্বাগতিক ফ্রান্স রাউন্ড অব সিক্সটিনে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনালে পড়তে হবে ইংল্যান্ড-আইসল্যান্ড ম্যাচে জয়ী দলের সামনে।
তুলনায় পর্তুগাল, ওয়েলসের মতো দলগুলোর জন্য কাজটা কি কিছুটা সহজ? অবশ্য পর্তুগালের এই ‘সহজ’ শব্দটাতে বেশ আপত্তি থাকতে পারে। শেষ ষোলোতে গ্রুপপর্বে স্পেনকে হারানো ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে রোনালদোদের। সেখানে জিতলে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড-পোল্যান্ড ম্যাচের জয়ী দল।
পর্তুগাল কোয়ার্টারেও জিতলে সেমিতে দেখা হয়ে যেতে পারে দুই রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল ও রোনালদোর। অবশ্য কাজটা কঠিন। বেলের ওয়েলস শেষ ষোলোতে খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। জিতলে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হাঙ্গেরি ও বেলজিয়ামের মধ্যে জয়ী দল।
একটি ম্যাচ নিয়েও আগে থেকে ভবিষ্যদ্বাণী করার উপায় আছে? গ্রুপপর্বে তুলনামূলক ‘পুঁচকে’ স্লোভাকিয়া-উত্তর আয়ারল্যান্ড-আইসল্যান্ডরা যেভাবে খেলল, তাতে প্রতিটি ম্যাচই হয়ে উঠতে পারে রোমাঞ্চে ভরপুর। উয়েফাডটকম।

শেষ ষোলোর সূচি কোয়ার্টার ফাইনাল (বাংলাদেশ সময়)
সুইজারল্যান্ড - পোল্যান্ড, ২৫ জুন, সন্ধ্যা ৭টা
ওয়েলস-উত্তর আয়ারল্যান্ড, ২৫ জুন, রাত ১০টা
ক্রোয়েশিয়া - পর্তুগাল, ২৬ জুন, রাত ১টা (২৫ জুন দিবাগত রাত)
ফ্রান্স - আয়ারল্যান্ড, ২৬ জুন, সন্ধ্যা ৭টা
জার্মানি - স্লোভাকিয়া, ২৬ জুন, রাত ১০টা
হাঙ্গেরি - বেলজিয়াম, ২৭ জুন, রাত ১টা
ইতালি - স্পেন, ২৭ জুন, রাত ১০টা
ইংল্যান্ড - আইসল্যান্ড, ২৮ জুন, রাত ১টা