ইউরোর 'চমক' আইসল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত

গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে আবির্ভূত হয়েই গোটা ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিল আইসল্যান্ড। ইংল্যান্ডের মতো দলকে ২-১ গোলে হারিয়ে উঠে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। ৩ লাখ ৩৫ হাজার মানুষের এই পুঁচকে দেশ যে ফুটবলে দারুণভাবেই উঠে আসছে, তার প্রমাণ আবারও তারা রাখল বিশ্বকাপে পা রেখে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের টিকিট কাটতে যেখানে অনেক ‘ঐতিহ্যবাহী’ দেশেরই গলদঘর্ম, সেখানে ঠিকই বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে আইসল্যান্ড।
গত ইউরোয় মাথার ওপর দুহাত নিয়ে ছন্দে ছন্দে তালি বাজানোর সেই দৃশ্য আবারও রাশিয়ায় ফেরাবে আইসল্যান্ড-সমর্থকেরা। ‘ভাইকিংস’ নামে পরিচিত পাওয়া আইসল্যান্ড-সমর্থকেরা আবারও তালে তালে তালি বাজিয়ে উদ্বেল করে দেবে বিশ্বকাপ-স্টেডিয়ামকে।
কাল গ্রুপপর্বে কসোভোকে ২-০ গোল হারিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে আইসল্যান্ড। ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন গিলফি সিগুর্ডসন। নিজে একটি গোল করেছেন, বার্গ গুডমুন্ডসনকে দিয়ে করিয়েছেন অন্য গোলটি।
আইসল্যান্ডের সমর্থকদের আবারও তোপ দাগার মতো তালি বাজানোর উপলক্ষ এনে দিলেন গিলফি সিগুর্ডসন। নরডিক দেশটির ফুটবল-রূপকথা এবার পৌঁছেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ গোলে কসোভোকে হারিয়ে রাশিয়ার টিকিট কেটেছে ভাইকিংসরা। ম্যাচে শেষ গোটা আইসল্যান্ডই যেন পরিণত হয় উৎসবের মঞ্চে। সেটি হওয়াটাই স্বাভাবিক। বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসেবে চূড়ান্ত পর্বের টিকিট যে নিশ্চিত করেছে তারা। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিল ত্রিনিদাদ ও টোবাগো।
নারী-পুরুষ মিলিয়ে মোটে ২০ হাজার পেশাদার ফুটবলার আছে আইসল্যান্ডে। অথচ সাড়ে তিন লাখ মানুষের দেশটিতে প্রতি ৫০০ জনে একজন উয়েফা মনোনীত কোচ খুঁজে পাওয়া যায়। কোচ এবং ঘরোয়া ফুটবলের কাঠামোর বদৌলতে ফুটবল-চমক ছোট্ট এই দেশটির। এর আগে ১২ বার চেষ্টা করেও বিশ্বকাপে খেলা হয়নি। কে বলে ১৩ সংখ্যাটি অপয়া? সূত্র: গোল