ইকার্দি ম্যারাডোনার কাছে দুধ-কলায় পোষা সাপ!

এ যেন কোনো মেলোড্রামায় ভরপুর এক সিনেমা। যে সিনেমার নাম হতে পারে একটাই, বন্ধু যখন শত্রু! দুই বন্ধু, যেন প্রাণের ভাই। কিন্তু হঠাৎ বন্ধু হয়ে গেল জাতশত্রু! কারণ? একজন নারী!
মাউরো ইকার্দির জীবনে এমন ঘটনাই ঘটেছে। অনেকের চোখেই তিনি এই ঘটনার ভিলেন। এমনকি ডিয়েগো ম্যারাডোনার চোখেও। মাত্র ২৩ বছর বয়সে ইন্টার মিলানের মতো একটা ক্লাবের অধিনায়কত্ব পেয়েছেন। প্রতিভার যে ঝলকানি, তাতে অনেক দূর যাওয়ার পূর্বাভাস এই আর্জেন্টাইনের। কিন্তু এর কোনোটাতেই মুগ্ধ হতে পারছেন না ম্যারাডোনা। ইকার্দি সম্পর্কে আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘আমার চোখে ও একটা মৃত মানুষ।’
ঘটনার কেন্দ্রে আছেন আর্জেন্টিনার এই মিডিয়া তারকা ওয়ান্দা নারা। বার্সেলোনার যুব একাডেমি হয়ে ইকার্দি তখন সাম্পদোরিয়ার হয়ে খেলতেন। সাম্পদোরিয়ায় তাঁর বন্ধু ও সতীর্থ ম্যাক্সি লোপেজের স্ত্রী ছিলেন নারা। কিন্তু লোপেজ পরে আবিষ্কার করেন, ইকার্দি পিঠে ছুরি মেরেছেন। গোপনে নারার সঙ্গে চলছে গভীর প্রণয়।
২০১৩ সালের ডিসেম্বরে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন লোপেজ। এর মধ্যে ইকার্দিও সাম্পদোরিয়া ছেড়ে ইন্টার মিলানে চলে আসেন। পরের বছর ইতালিয়ান লিগে সাম্পদোরিয়ার সঙ্গে খেলা পড়ে ইন্টারের। কিন্তু সেই ম্যাচে ইকার্দির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান লোপেজ। ইতালিয়ান মিডিয়ায় ম্যাচটির নামই হয়ে যায় ‘ওয়ান্দা ডার্বি’! ওই ম্যাচের পরের মাসেই, ২০১৪ সালের মেতে ইকার্দি ও নারা বিয়ে করেন।
সেই বিতর্কের রেশ যেন কাটছেই না। ইকার্দিতে এবারের কোপা ও অলিম্পিক দলের কোনোটাতেই জায়গা দেননি কোচ জেরার্ডো মার্টিনো। এ নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা আছে। তবে ম্যারাডোনা মনে করেন, উচিত কাজটাই হয়েছে। এমনকি এত কম বয়সে ইন্টারের মতো ক্লাবের অধিনায়ক হওয়া দিয়েও ইকার্দি মুগ্ধ করতে পারছেন না ম্যারাডোনাকে, ‘ও পুরো বিশ্বব্রহ্মাণ্ডেরই অধিনায়ক হোক, তাতে কিছু যায় আসে না। আমার কাছে ও মৃত একজন।
যা ঘটেছে, তাতে আমি ম্যাক্সি লোপেজের পাশেই। আপনি একজনকে খাওয়ালেন, নিজের বাড়িতে রাখলেন; তারপর কি না এইসব ঘটল!’