হ্যাটট্রিক করে ইকার্দি হয়ে গেলেন 'মেসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক শেষে স্বদেশি মেসির মতো করে উদ্‌যাপন করলেন ইকার্দি। ছবি রয়টার্স।
হ্যাটট্রিক শেষে স্বদেশি মেসির মতো করে উদ্‌যাপন করলেন ইকার্দি। ছবি রয়টার্স।

বাছাইপর্বের খেলা শেষে খেলোয়াড়েরা ক্লাবে ফিরেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিও গোল খুঁজে পেয়েছেন। সিরি ‘আ’তে মিলান ডার্বিতে ম্যাচে এসি মিলানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি।

দুই দলেরই ঘরের মাঠই সান সিরো। এককালে জমাটি লড়াই হতো, মারামারির ঘটনাও কম নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ইতালীয় ফুটবলের একচ্ছত্র অধিপতি হয়ে বসেছে জুভেন্টাস। দুই মিলানই ম্রিয়মাণ হয়ে পড়ায় রং হারিয়েছে মিলান ডার্বি। তবে এই মৌসুমে এসি মিলান দল ঢেলে সাজানোয় মিলান ডার্বিতে প্রাণ সঞ্চার হয়েছে।

খেলাটা দারুণ হয়েছে। ম্যাচের ২৮ মিনিটে ইকার্দির গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে এগিয়ে ছিল নেরাজ্জুরিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মিলান। স্প্যানিশ ফরোয়ার্ড ফার্নান্দেজ সুসো বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করেন। ৬৩ মিনিটে দারুণ অ্যাক্রোবেটিক গোলে ইন্টারকে এগিয়ে দেন ইকার্দি। কিন্তু জিয়াকোমো বোনাভেঞ্চুরার গোলে আবারও সমতা ফেরায় মিলান। যদিও সেই গোলে ইন্টার গোলরক্ষক সামির হান্দানোভিচের অবদানও কম নয়।

ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ইন্টার। শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইন্টার অধিনায়ক, ম্যাচ জিতে নেন ৩-২ ব্যবধানে। ম্যাচের স্মারক হিসেবে ম্যাচ বলটা নিজের কাছেই রেখেছেন ইকার্দি। ম্যাচ শেষে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘ডার্বি ম্যাচে তিনটি গোল করতে পারা বিশেষ কিছু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ইন্টার জিতেছে।’

এখনই স্কুডেট্টো জেতার ব্যাপারে কথা বলার সময় আসেনি বলে মনে করেন তিনি। এই জয়ে নাপোলির পেছনে থেকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে ইন্টার মিলান। লাজিওর বিপক্ষে হেরে ইন্টারের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর শেষ চার ম্যাচের তিনটিতে হেরে তালিকার ১০ নম্বরে নেমেছে এসি মিলান। পরবর্তী ম্যাচে শীর্ষে থাকা নাপোলির মুখোমুখি হবেন ইকার্দিরা। সূত্র: গোল, বিবিসি স্পোর্টস।