ইচ্ছাকৃত হলুদ আর জুতোর ফিতেয় বার্সার সর্বনাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুতার ফিতা দেখতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন নেইমার। ছবি: ডেইলি মেইল
জুতার ফিতা দেখতে গিয়ে হলুদ কার্ড দেখেছেন নেইমার। ছবি: ডেইলি মেইল

তবে কি নিজেদের পাতা ফাঁদে ধরা পড়ল বার্সেলোনা? নাকি স্রেফ বোকামি! মালাগাকে দুর্বল দল ভেবে নেওয়া কিছু চালাকি সিদ্ধান্তই যে লা লিগার শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে দিয়েছে কাতালান ক্লাবটাকে। ইচ্ছে করে হলুদ কার্ড দেখার মাশুল দিয়েছে ২-০ গোলে হেরে।
মৌসুমের প্রথমার্ধেও এমন ঘটনা ঘটিয়েছে বার্সেলোনা। রেলিগেশন অঞ্চলে ঘুরতে থাকা মালাগার সঙ্গে খেলার আগের ম্যাচে ইচ্ছাকৃত হলুদ কার্ড দেখা। আগের ম্যাচে হলুদ কার্ডের কোটা পূরণ করেছিলেন লুইস সুয়ারেজ। পাঁচ হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন, মালাগার বিপক্ষে খেলতে পারেননি। স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসিও। ফল? ন্যু ক্যাম্পেই মালাগার সঙ্গে গোল শূন্য ড্র। যে দুই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে এই চালাকি পরিকল্পনা, রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষেও ড্র করেছিল বার্সেলোনা। আম-ছালা দুটোই হারিয়েছিল তারা।
সে ভুল থেকেও শিক্ষা নেয়নি বার্সা। এবারও সেভিয়ার বিপক্ষে যখন জয় নিশ্চিত হয়ে গেল তাদের, সোসিয়েদাদ ও রিয়াল ম্যাচের কথা চিন্তা করে হলুদ কার্ডের কোটা পূরণ করে নিয়েছেন জেরার্ড পিকে ও ইভান রাকিটিচ। ওই যে, মালাগার পরই আবার সোসিয়েদাদ ও রিয়ালের সঙ্গে ফিরতি ম্যাচ! সে ম্যাচে মূল একাদশকে হাতে রাখতে হবে না? ইনিয়েস্তাকেও বসিয়ে রাখা হলো প্রথমার্ধে। এবারের ফলটা হলো আরও খারাপ। কোথায় ম্যাচটা জিতে রিয়ালের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করবে বার্সা, উল্টো ম্যাচ হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেস্তে যেতে বসেছে।
মরার ওপর খাঁড়ার ঘা, দুই হলুদ কার্ডের যোগফলে ওই ম্যাচে লাল কার্ড দেখেছেন নেইমার। তাতে সোসিয়েদাদ ম্যাচ তো বটেই এমনকি ‘এল ক্লাসিকো’তেও বসে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, ম্যাচের প্রথম হলুদ কার্ডটি প্রায় ইচ্ছে করেই খেয়েছেন নেইমার। মালাগা একটি ফ্রি কিক পাওয়ার পর বলের সামনে বসে জুতার ফিতা বাঁধতে শুরু করেন নেইমার।
সময় নষ্ট করার অপরাধে হলুদ কার্ড দেখালেন রেফারি। পরে ফাউল করে আরও একটি হলুদ কার্ড দেখায় প্রথম হলুদ কার্ডটির মূল্য চড়া হয়ে গেল। এখন সমালোচকেরা বলছেন, দলের জন্য সময় ক্ষেপণ করছিলেন নেইমার, এমনটা ভাবার কারণ নেই। আগের দুই লিগ ম্যাচেও জুতার জন্য সময় নষ্ট করেছেন নেইমার। নিজের স্পনসর নাইকিকে যেন টিভিতে বেশি দেখানো যায়, সে চেষ্টাই নাকি ছিল নেইমারের! কিন্তু সেটা করতে গিয়ে দলের এমন সর্বনাশ হবে, তা বোধ হয় কল্পনাও করেননি এই ফরোয়ার্ড! সূত্র: এএফপি।