ইতালি-জার্মানি ম্যাচ 'প্রহসন'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাক্স মেয়ার, মাহমুদ দাহুদদের আনন্দটা বুঝি ফিকে হওয়ার জোগাড়। গত মঙ্গলবার টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে তাদের দল জার্মানি, আগামীকাল স্পেনের সঙ্গে ফাইনাল। কিন্তু গ্রুপ পর্বে ইতালির সঙ্গে ম্যাচটা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এমনই অবস্থা, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোও ওই ম্যাচকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে অভিযোগ করে চিঠি লিখেছেন।

গ্রুপে ইতালি ও জার্মানির শেষ ম্যাচের আগে সমীকরণটা ছিল, জার্মানি ০-১ গোলে হেরে গেলেই কেবল ইতালি ও জার্মানি দুই দলই উঠবে সেমিফাইনালে, বাদ পড়বে স্লোভাকিয়া। ম্যাচটা ০-১ গোলেই হারে জার্মানি।

এতেই খেপেছেন স্লোভাক প্রধানমন্ত্রী। এর আগে স্লোভাকিয়ার কোচ পাভেল হাপালও ম্যাচটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিনের কাছে লেখা খোলা চিঠিতে ফিকোও লিখেছেন, ‘টুর্নামেন্টের পরের পর্বে যেতে হলে মাঠে যতটুকু করার ছিল, স্লোভাক ফুটবলের প্রতিভাবান তরুণেরা তা করেছে। তবে ফুটবলে এগিয়ে থাকা দুটি দেশ জার্মানি ও ইতালির খেলোয়াড়দের প্রহসনের জন্য ওরা প্রস্তুত ছিল না।’

ইতালি-জার্মানির এই ম্যাচটাকে ১৯৮২ বিশ্বকাপে পশ্চিম জার্মানি-অস্ট্রিয়া ম্যাচের সঙ্গেও তুলনা করেছেন ফিকো। ওই বিশ্বকাপেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারায় পশ্চিম জার্মানি, দুই দলই ওঠে পরের রাউন্ডে, আর বাদ পড়ে যায় আলজেরিয়া। ম্যাচের ১০ মিনিটে জার্মানরা গোল পেয়ে যাওয়ার পর দুই দলই খেলেছিল আয়েশি ভঙ্গিতে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ম্যাচের কথা উঠলে ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা-পেরুর পাশাপাশি ওই ম্যাচটিও আসে।

ফিকোও তাঁর চিঠিতে টেনে এনেছেন সেই ইতিহাস, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি আমাকে ফুটবলের পুরোনো ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে। ১৯৮২ বিশ্বকাপে জার্মানি ও অস্ট্রিয়া এই সুন্দর খেলাটির দর্শকদের সামনে প্রায় একই রকম দেখার অযোগ্য একটা ম্যাচ খেলেছিল, যার মূল্য দিতে হয়েছিল আলজেরিয়াকে।’ ইতালি দলের কোচ লুইজি ডি বিয়াজিও অবশ্য স্লোভাকিয়ার দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। উল্টো স্লোভাকিয়ার কোচ হাপালকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন তিনি। জার্মানি ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর হর্স্ট রুবেশও (তাঁর গোলেই পশ্চিম জার্মানি-অস্ট্রিয়ার ওই ম্যাচে জিতেছিল জার্মানরা) দাবিটা উড়িয়ে দিয়েছেন, ‘আমার মনে হয়, (অমন পরিস্থিতিতে) ম্যাচের শেষ কয়েক মিনিটে সতর্ক হয়ে খেলাটা খুবই স্বাভাবিক ব্যাপার।’ উয়েফা এ ব্যাপারে এখনো কিছু বলেনি। তবে ফিকো তাঁর চিঠিতে ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে না হয়, সে জন্য নিয়মে বদল আনার অনুরোধও করেছেন।

১২ দলের এই টুর্নামেন্টে জার্মানি ওই একটি ম্যাচই হেরেছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো অপরাজিত স্পেন। গত পরশু অ্যাটলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার সল নিগেজের হ্যাটট্রিকে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাসেনসিও-দিওলোফিউদের স্পেন। রয়টার্স।