ইতালি-দুঃস্বপ্ন কাটবে জার্মানির?

এটি যেন ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এমনিতে কেউ কারও চেয়ে পিছিয়ে নেই। কিন্তু প্রতিযোগিতার সঙ্গে ‘বিশ্ব’ শব্দটি যোগ হলে পাকিস্তান ভারতের সঙ্গে পারে না।
ইতালি-জার্মানিও তা-ই। দুই দলই ফুটবলের পরাশক্তি, চারবার করে বিশ্ব চ্যাম্পিয়ন। বৈশ্বিক আসরের ট্রফি গুনলে ইউরোপের সফলতম দুই দল। একটির চেয়ে অন্যটিকে পিছিয়ে রাখার উপায় নেই। কিন্তু খেলাটা যদি কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে হয়, জার্মানি ইতালির সঙ্গে আর পারে না! দ্বৈরথের প্রায় ৯৩ বছরের ইতিহাস বলছে, প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত জার্মানি হারাতে পারেনি ইতালিকে। বিশ্বকাপ হোক কিংবা ইউরো, ইতালি মানেই জার্মানদের দুঃস্বপ্ন। বোর্দোতে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে কি সেই দুঃস্বপ্ন আজ কাটিয়ে উঠতে পারবে জার্মানি?
ইতিহাসটা এমন একতরফা বলেই এই ম্যাচের আগেও সেটি বারবার ঘুরেফিরে আসছে। সংবাদ সম্মেলনেও বারবার দুই দলের কোচ-খেলোয়াড়দের এটা নিয়ে কথা বলতে হচ্ছে। জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য বিষয়টিকে ফুঁ মেরে উড়িয়ে দিতে চাইলেন, ‘আমরা কোনো টুর্নামেন্টে ওদের হারাতে পারিনি, এটা সত্যি। আবার এটাও সত্যি, এ নিয়ে আমাদের কোনো মানসিক বাধা নেই। আমি অতীত নিয়ে পড়ে থাকার মানুষ নই। ওই ব্যাপারটা হচ্ছে ঠান্ডা কফি, আর আমার পছন্দ গরম এসপ্রেসো। আশা করছি, শনিবার আমরা সেই গরম কফির স্বাদ ভালোভাবেই নিতে পারব। আর এই দুটো দলও তো আলাদা।’

পুরোপুরি আলাদা কি? ইতালির সঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মানির সর্বশেষ সাক্ষাৎ ২০১২ ইউরোর সেমিফাইনালে। ২-১ গোলে হেরে যাওয়া সেই ম্যাচের সাক্ষী এই জার্মান দলের নয়্যার-ওজিল-মুলার-বোয়াটেং-হামেলসরা। সেদিন জয় নিয়ে ফেরা বুফন-কিয়েলিনি-বারজাল্লি-বোনুচ্চি আছেন এই ইতালি দলেও। সবচেয়ে বড় কথা, ওই ম্যাচেও তো জার্মানির কোচ লো-ই ছিলেন। জার্মান কোচ অবশ্য তারপরও এটাকে কোনো বড় ব্যাপার বলে মানতে রাজি নন, ‘কখনো হারাতে পারিনি বলে আমরা ওদের ভয় পাচ্ছি—এমন নয়। আমরা আমাদের সামর্থ্য জানি।’
জার্মানরা ভয় পাচ্ছে না হয়তো। তবে ইতালিয়ান স্ট্রাইকার চিরো ইমোবিলে মনে করেন উল্টোটাই। তাঁর ধারণা, জার্মানরা ভয় পেলেও সেটা স্বীকার করছে না, ‘আমরা ওদের এতবার হারিয়েছি...ওরা এ কথা-সে কথা বলে নিজেদের সত্যটা থেকে আড়াল করতে চাইছে।’
ইতালির কোচ আন্তোনিও কন্তে অবশ্য তাঁর স্ট্রাইকারের মতো এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহারের দিকে যাননি। বরং ম্যাচের আগে প্রতিপক্ষের প্রশংসা করে চাপ বাড়িয়ে দেওয়ার কৌশল নিলেন, ‘শনিবার আমরা এবারের ইউরোর সেরা দলটার বিপক্ষে খেলব। খুব, খুব কঠিন হবে ম্যাচটা।’
একদিক দিয়ে কথাটা মিথ্যেও নয়। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত জার্মানির পারফরম্যান্স দুর্দান্ত। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি জার্মানি, চার ম্যাচে গোল খায়নি একটিও। মানসিক বাধার ব্যাপারটা বাদ দিলে জার্মানিরই তো এগিয়ে থাকার কথা।
ইতালি অবশ্য গ্রুপ পর্বেই আয়ারল্যান্ডের কাছে ম্যাচটা হেরেছে ১-০ গোলে। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠে তারা বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে দিয়েছে শেষ ষোলো থেকে। বড়

ম্যাচে ওরকম একটা জয় আজ মানসিকভাবে অনেক এগিয়ে দিতে পারে কন্তের দলকে। আর সেটা যদি হয়, ইতালি-দুঃস্বপ্ন কাটানো মোটেই সহজ হবে না জার্মানির। এএফপি, রয়টার্স।
* অতিরিক্ত সময়ের পর
ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬) জার্মানি এর আগে পাঁচটি কোয়ার্টার ফাইনালে হারেনি।
১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালি এর আগে শেষ আটে খেলেছে চারবার, জিতেছে দুবার, হেরেছেও দুবার।
জার্মানিকে ছাড়া ইউরো সর্বশেষ সেমিফাইনাল দেখেছে ২০০৪ সালে, ইতালি সর্বশেষ শেষ চারে খেলতে পারেনি ২০০৮ সালে।