ইতালি নয়, ক্যানাভারোর ফেভারিট ফ্রান্স-জার্মানি!

ইউরো কখনো জেতা হয়নি তাঁর। ২০০০ সালে ইতালি ফাইনালে উঠলেও হেরে যেতে হয়েছিল ফ্রান্সের কাছে। তবে ফ্যাবিও ক্যানাভারোর মুকুটে এর চেয়ে বড় একটা পালকই আছে—বিশ্বকাপ! ২০০৬ সালে ইতালির অধিনায়ক হিসেবেই ট্রফিটা উঁচিয়ে ধরেছিলেন তিনি। দেশের হয়ে এক যুগেরও বেশি সময় খেলেছেন, ইতালির ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডারও। ইতালিকে নিয়ে তাঁর মূল্যায়নের তো একটা গুরুত্ব সব সময়ই আছে। তবে সেটি শুনে ইতালিয়ান সমর্থকেরা খুব একটা খুশি হবেন না এবার। এই ইউরোতে ইতালির চেয়ে ফ্রান্স আর জার্মানিকেই এগিয়ে রাখছেন ক্যানাভারো।
মূল্যায়নটা অবশ্য এখন পর্যন্ত পারফরম্যান্স দেখেই। গাজেত্তা দেল্লো স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে ‘এই ইউরোর ফেবারিট কে’—এমন প্রশ্নে ক্যানাভারোর উত্তর, ‘ফ্রান্স আর জার্মানি। ওদের এক ধাপ নিচে থাকবে স্পেন, বেলজিয়াম ও আমাদের দল।’
তবে এই হিসাব পাল্টে দেওয়ার সামর্থ্যও ইতালির আছে বলেই মনে করেন ক্যানাভারো, ‘আমাদের কোচ কন্তে অনেক দিন ধরেই দলটাকে নিয়ে কাজ করছেন। তিনি জানেন অন্য দলের মতো তারকা নেই ইতালিতে। কন্তে তাই দলগত পারফরম্যান্সের দিকেই মনযোগ দিয়েছেন। এটাই দরকার আমাদের।’ গাজেত্তা দেল্লো স্পোর্টস