ম্যাচটা গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। ৮৫ মিনিটে পেনাল্টি পাওয়ার সুবাদে একটু নড়েচড়ে বসার সুযোগ পেলেন চেলসির সমর্থকেরা। কিন্তু স্পটকিকটি যখন নিতে যাচ্ছিলেন ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও, তখন তো চেলসি সমর্থকদের বুকটা একটু ধপ ধপ করার কথা!
কেন, সেটা ইতালি সমর্থকেরা সবচেয়ে ভালো জানেন। বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের দুটিতে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছিলেন জর্জিনিও। পরে সুইজারল্যান্ডের পেছনে থেকে গ্রুপ শেষ করায় প্লে-অফে খেলতে হয় ইতালিকে। সেখান থেকে বাদ পড়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলতে ব্যর্থ ইতালি! আজ চেলসির হয়েও স্পটকিক থেকে বল জালে জড়াতে ব্যর্থ হলেন জর্জিনিও।
কিন্তু ইতালি ভুগলেও চেলসি ভোগেনি। একেবারে শেষ মুহূর্তে ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে নিজেদের মাঠে ওয়েস্ট হামকে ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসি।
পেনাল্টিতে একদম ওয়েস্টহাম গোলকিপার লুকাস ফ্যাবিয়ানস্কির সোজা বল মেরেছেন জর্জিনিও। সেটি গ্রিপে নিতে কোনো বেগই পেতে হয়নি ফ্যাবিয়ানস্কিকে। ততক্ষণে আলোচনায় উঠে গেছে, ইতালিকে বিশ্বকাপে যেতে না দেওয়া জর্জিনিও আজ বুঝি চেলসিকেও ভোগালেন। নিজেদের মাঠে আগের তিন ম্যাচে জয় না পাওয়া চেলসির আত্মবিশ্বাসের জন্যও আজ জয়টা দরকার ছিল!
কয়েক মিনিট বাদে জর্জিনিওর সেই ক্ষতে প্রলেপ দিয়েছেন বদলি ক্রিশ্চিয়ান পুলিসিক। ৯১ মিনিটে বাঁ প্রান্ত থেকে মার্কোস আলোনসোর ক্রসে বক্সের মধ্যে থেকে গোলটি করেছেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।
ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচে চেলসি শুধু হারেনি, গোলও খেয়েছে ১১টি। রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে হেরে বাদ পড়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেও। স্বাভাবিকভাবে আলোচনায় ছিল চেলসির পথ হারানোর বিষয়টি। আজকের জয়ে কিছুটা হলেও হালে পানি পাবে টুখেলের শিষ্যরা।
গত কয়েক ম্যাচে চেলসিকে বেশ ভুগিয়েছিল তাদের রক্ষণভাগ। একটু ঝাঁকুনিতেই কেঁপে উঠছিলেন ডিয়েগো সিলভা, সিজার আসপিলিকেতারা। আজ তাদের রক্ষণভাগে তেমন আতঙ্ক সৃষ্টি করতে পারেননি ডেভিড ময়েসের ওয়েস্ট হাম। চেলসির ফরোয়ার্ডরা গোল মিস না করলে কার্যত ম্যাচটা অনেক আগেই তারা জিতে যায়। ওয়েস্টহামের গোলপোস্টে ২৬টি শট নিয়েছে তারা। বল দখলেও ছিল অনেক এগিয়ে। শুধু গোলটাই পাওয়া হচ্ছিল না। ৭৬ মিনিটে বদলি নামা পুলিসিক সেই কাজটা করেছেন।
অবশ্য ওয়েস্টাহাম তার আগেই পরিণত হয়েছে ১০ জনের দলে। কারণ ৮৫ মিনিটে লুকাকুকে পেছন থেকে টেনে ধরেন ওয়েস্টহাম ডিফেন্ডার ডসন। পেনাল্টির পাশাপাশি ডসনকে লাল কার্ডও দেখান রেফারি। কিন্তু জর্জিনিও পেনাল্টিটি কাজে লাগাতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত পুলিসিকে রক্ষা চেলসির।
এই জয়ে তিনেই থাকল চেলসি। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। ৩৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ওয়েস্টহাম।