ইতালিও পেল নতুন কোচ

বিশ্বকাপের পর জাতীয় দলগুলোতে চলছে কোচ বদলের পালা। ব্রাজিল, আর্জেন্টিনা, হল্যান্ডের পর এবার ইতালিও পেয়েছে নতুন কোচ। সিজার প্রানদেল্লির ছেড়ে যাওয়া আসনটিতে বসেছেন জুভেন্টাসের সাবেক কোচ অ্যান্তোনিও কোন্তে।
ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও কোস্টারিকা ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইতালি। প্রানদেল্লিও দিয়েছিলেন সরে দাঁড়ানোর ঘোষণা। নতুন কোচ হিসেবে যে কোন্তেকেই বেছে নেওয়া হবে—সেটা আগেই অনুমান করেছিলেন অনেকে।
জুভেন্টাসের কোচ হিসেবে ব্যাপক সাফল্য পেয়েছেন কোন্তে। ইতালির অন্যতম সেরা এই ক্লাবটি দীর্ঘ আট বছরের শিরোপাখরা কাটিয়েছিল কোন্তের হাত ধরেই। ২০১১ সালে দায়িত্ব নেওয়ার পর টানা তিন মৌসুমে জুভেন্টাসকে ইতালিয়ান লিগের শিরোপা জিতিয়েছেন ৪৫ বছর বয়সী এই কোচ।
সেই কোন্তের হাতেই এবার সঁপে দেওয়া হয়েছে ইতালির জাতীয় দলকে ঢেলে সাজানোর দায়িত্ব। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ট্রেনিং সেন্টারগুলোতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তরুণ খেলোয়াড়দের মানোন্নয়ন করাই হবে কোন্তের অন্যতম প্রধান মিশন।
ইতালির কোচ হিসেবে কোন্তের অভিষেক হবে আগামী ৪ সেপ্টেম্বর। হল্যান্ডের বিপক্ষে একটা প্রীতিম্যাচ খেলবে ইতালি। পাঁচ দিন পরে খেলবে নরওয়ের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই ইতালি শুরু করবে ইউরো কাপের বাছাইপর্ব পেরোনোর লড়াই।— গোল ডটকম