ইতালিকে 'ভয়' স্পেনের

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা যদি অমীমাংসিতও থাকত! স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক ম্যাচ শেষে মনে মনে হয়তো বারবারই আওড়েছেন বাক্যটা। সংবাদ সম্মেলনে এসে আসল কথাটাই বলে ফেললেন—ইতালিকে শেষ ষোলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে পাওয়াটা মোটেও কাজের কাজ হয়নি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তের বিপর্যয়টা যদি এড়ানো যেত!
গ্রুপের শীর্ষে থাকতে চেয়েছিলেন। সেটা হয়নি। কাল শেষ মুহূর্তের গোলে ২-১-এ হার। সংবাদ সম্মেলনে নিজেদের অক্ষমতার কথাই জানালেন দেল বস্ক, ‘দ্বিতীয় হওয়াটা মোটেও আদর্শ ফল নয়। আমরা শীর্ষেই থাকতে পারতাম।’
ভবিষ্যতের কঠিন মুহূর্তগুলোর কথা খেলোয়াড়দেরও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘এই ম্যাচের বিপর্যয় থেকে বেরিয়ে আসতে হবে দ্রুত। প্রস্তুতি নিতে হবে পরের খেলাগুলোয় ভালো খেলে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে আসতে।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে আলভারো মোরাতার গোলে এগিয়ে গেলেও সে গোল ধরে রাখতে পারেনি স্পেন। অধিনায়ক সার্জিও রামোস ক্লাব সতীর্থ রোনালদোর পথ ধরে পেনাল্টি মিস করে বসলেন। ক্রোয়েশিয়ার মূল ভরসা লুকা মডরিচ চোটের কারণে এই ম্যাচ না খেললেও দারুণ খেলেই কিন্তু ক্রোটরা ম্যাচটা জিতেছে নিকোলা কালিনিচ ও পেরিসিচের গোলে।
শেষ ষোলোতে ইতালির বিপক্ষে মুখোমুখি হওয়াটা এড়াতেই চেয়েছিলেন দেল বস্ক। কিন্তু সেটা হয়নি। গত ইউরোর ফাইনালে ইতালিকে খুব সহজে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেন। কিন্তু নকআউট পর্বে ইতালির মুখোমুখি হতে চায় কে!
ইতালিকে পেরিয়ে গেলেও টানা তৃতীয়বারের মতো ইউরোপের সেরা হতে গেলে স্পেন সামনে কঠিন সব বাধাই দেখছে। ইতালি বাধা ভালোয় ভালোয় পার হলেও কোয়ার্টার ফাইনালটা তাদের হয়তো খেলতে হবে জার্মানির সঙ্গে। আর সেমিফাইনালে গেলে ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু থেকেই যাচ্ছে। অথচ গ্রুপ সেরা হতে পারলে ফাইনালে ওঠার পথ হয়তো অন্য রকমই হতো। শেষ মুহূর্তের গোলটা নিয়ে দেল বস্কের আফসোস তাই যাচ্ছেই না। সূত্র: এএফপি।