ইতালিতে মহাপ্রলয়, দুঃখগাথা, বিপর্যয়

যেন শ্মশানের মতো!
ড্যানিয়েলে ডি রসি ইতালির ড্রেসিংরুমের অবস্থা জানাতে গিয়ে উপমাটা দিয়েছিলেন। শুধু ড্রেসিংরুম? পুরো ইতালির অবস্থাও কি এখন এর চেয়ে ভিন্ন কিছু? ফুটবলে বাঁচে, ফুটবলে হাসে-কাঁদে—এমন একটা দেশের জন্য বিশ্বকাপে না যেতে পারা তো সব শেষ হয়ে যাওয়ার মতো ব্যাপারই। সুইডেনের কাছে প্লে-অফে হেরে ৬০ বছর পর এই প্রথম বিশ্বকাপে যেতে পারছে না ইতালি। ইতালিয়ান সংবাদমাধ্যমও এটিকে দেখছে ‘মহাপ্রলয়’ হিসেবে। তবে ধ্বংসের মাঝে দাঁড়িয়ে নতুন শুরুর ডাকও দিচ্ছেন অনেকে।
ইতালির ক্রীড়াদৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর শিরোনামটাই সবচেয়ে বেশি নজর কেড়েছে। পরশু ম্যাচের পর পত্রিকাটি লিখেছে, ‘ইতালি, এটাই মহাপ্রলয়!’ এমন কেন হলো, সেটির কারণও ব্যাখ্যা করেছে, ‘একের পর এক সুযোগ হারানো, দুর্ভাগ্য এসব তো ছিলই। তারপরও, সুইডিশদের বিপক্ষে ১৮০ মিনিটেও একটা গোল করা গেল না!’ আরেক ক্রীড়া দৈনিক করিয়েরে দেল্লো স্পোর্ত তুলে এনেছে ২০১৮ বিশ্বকাপ দেখাটা ইতালির মানুষের জন্য কতটা বেদনার হবে, সেটি। শেষে লিখেছে, ‘এটা অসহনীয় ফুটবল-লজ্জা, একটা অমোচনীয় দাগ। সব শেষ। মহাপ্রলয়, দুঃখগাথা, বিপর্যয়!’
অনেকে আবার এটিকে পেছনে ফেলে সামনে তাকানোর ডাক দিচ্ছেন। ইতালির ফুটবলে এমন দিন যে আসবে, তা হয়তো অনুমিতই ছিল। এখনো ইতালির বড় কোনো তারকার নাম বলতে বললে বুফন-কিয়েলিনি-বোনুচ্চিদের নামই আসবে। যাঁরা এখন আর তরুণ নন। ইতালির তরুণ প্রতিভা কোথায়? ইনসিনিয়ে, জর্জিনহোদের মতো যাঁরা আছেন, তাঁদের আবার বর্তমান কোচ জিয়ামপিয়েরো ভেনতুরা তেমন সুযোগ দেননি। যুব প্রকল্প ঠিকঠাক চলছে না। ইতালির লিগটাও এখন আর ইংল্যান্ড, স্পেন, জার্মানি এমনকি ফ্রান্সের লিগের সঙ্গে দৌড়ে কুলোতে পারছে না। সব মিলিয়েই একটা বদলের ডাক আসছে।
সবার আগে জাতীয় দলে কোচ বদলের কথা উঠছে। যেটি হয়তো আজই হয়ে যেতে পারে। আজ বিশেষ সভা ডেকেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্চিও। কাল তাভেচ্চিও বলেছেন, ‘এই ব্যর্থতা মুছতে সমন্বিত সিদ্ধান্ত দরকার। ভবিষ্যতে কী করতে হবে, সেসব বিশ্লেষণ করতেই আগামীকাল (আজ) সভা ডেকেছি।’
ইতালির ক্রীড়ামন্ত্রী লুকা লট্টি ‘ধার’ করেছেন বুফনের কথা, ‘বুফনের কথাটা পরিষ্কার ছিল, ফুটবলের প্রতিটি দিকেই নতুন শুরু করতে হবে। গত দুটি বিশ্বকাপেও আমরা প্রথম রাউন্ড পেরোতে পারিনি। অনেক কিছুই করার আছে। আমার মনে হয়, এই নেতিবাচক পরিস্থিতিটা কাজে লাগিয়েই ইতালিয়ান ফুটবলকে আমাদের পুনর্গঠন করতে হবে।’ এএফপি।