ইতালিতে শুরু কন্তে যুগ
‘কন্তে: সেরা ও সবচেয়ে বেশি বেতনভোগী’—করিয়েরে দেল্লা সেরার শিরোনাম। আন্তোনিও কন্তেকে যাঁরা চেনেন, তাঁরা জানেন ইতালিয়ান দৈনিকটি ভুল বলেনি। পরশুই আনুষ্ঠানিকভাবে ইতালির নতুন কোচ হয়েছেন কন্তে।
বিশ্বকাপে ইতালির প্রথম রাউন্ডের ব্যর্থতার পরেই সরে দাঁড়িয়েছিলেন সিজারে প্রানদেল্লি। কন্তে তখন জুভেন্টাসের কোচ। কিন্তু কদিন পর তিনিও সিরি ‘আ’র চ্যাম্পিয়ন দলটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ধরে নিয়েছিলেন, কন্তেই হচ্ছেন প্রানদেল্লির উত্তরসূরি। সেটাই সত্যি হলো পরশু।
গত তিন মৌসুমে কন্তে কোচ হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। জুভেন্টাসের হয়ে টানা তিন মৌসুমে সিরি ‘আ’ জিতেছেন, এর মধ্যে সর্বশেষবার তো ১০২ পয়েন্টের রেকর্ডও গড়েছেন!
আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কন্তে। যোগ দিয়েই একটা ইতিহাস গড়ে ফেলেছেন। ইতালির কোচদের মধ্যে কন্তের বেতনই সবচেয়ে বেশি, বার্ষিক ৩ কোটি ২০ লাখ ইউরো। এর অর্ধেকটা আবার দেবে ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান পিউমা। কিন্তু এটা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই আশঙ্কা করছেন, খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা বা অন্য ব্যাপার নিয়ে পিউমা অযাচিত হস্তক্ষেপ করতে পারে।
আনুষ্ঠানিকভাবে কন্তের ‘ইতালিয়ান চাকরি’ শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর হল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে। এএফপি।