বলা হয়, এই ম্যাচের আগে গোটা ইতালি দুভাগে ভাগ হয়ে যায়।
আক্ষরিক অর্থেই ইতালিকে দুই ভাগে ভাগ করে দেওয়া ম্যাচটার নামটাও যুতসই, 'ডার্বি দি ইতালিয়া' - অর্থাৎ ইতালির ডার্বি। অর্থাৎ যে ডার্বি পুরো ইতালিকেই দুভাগে ভাগ করে দেয়। সেই ডার্বিই ছিল আজ। জুভেন্টাসের মাঠে খেলতে এসেছিল ইন্টার মিলান। তবে নিজেদের মাঠে জয় তুলে নিতে পারেনি তুরিনের বুড়িরা। ইন্টারের কাছে হেরে নিইজেদের বিপদ আরও বাড়িয়েছে জুভেন্টাস। ম্যাচের ফল নির্ধারণ করে দেওয়া একমাত্র গোল এসেছে হাকান চালহানোলুর পা থেকে।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তুরস্কের এই মিডফিল্ডার। পরে জুভেন্টাস আর সমতায় ফিরতে পারেনি। প্রথমার্ধে মাঠের খেলায় জুভেন্টাসই আধিপত্য দেখাচ্ছিল। কিন্তু এক মুহূর্তের ভুলে সবকিছু ওলট-পালট হয়ে যায় জুভেন্টাসের।
জুভেন্টাসের রক্ষণভাগের বাঁ দিক দিয়ে তিনজন মিলে আক্রমণ রচনা করতে থাকেন নিকোলো বারেল্লা, চালহানোলু ও দুমফ্রাইজ। বক্সে ডাচ রাইট উইংব্যাক দেনজেল দুমফ্রাইজকে ফেলে দেন জুভেন্টাসের স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা, সঙ্গে ছিলেন লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোও। হাঁটু ধরে বক্সে পড়ে যান দুমফ্রাইজ। তবে পেনাল্টিটা আসলেও বৈধ ছিল কি না, সে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন চালহানোলু।
সেই পেনাল্টি নিয়েও কতো নাটক! প্রথমে পেনাল্টি মিস করেছিলেন চালহানোলু। আটকে দেন জুভেন্টাসের পোলিশ গোলকিপার ওজিয়েক শেজনি। শেজনির কাছ থেকে আসা বল ইন্টারের খেলোয়াড়দের নাগালের বাইরে রাখার জন্য জুভেন্টাসের মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও লাথি মেরে বল দূরে মারবেন কি, উলটো নিজেদের জালেই ঢুকিয়ে দিলেন!
কিন্তু নাটক সেখানেই শেষ হয়নি। জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ম্যাটাইস ডি লিখট পেনাল্টি নেওয়ার সময় অবৈধভাবে ঢুকে গিয়েছিলেন এই কারণে ইন্টারকে আবারও পেনাল্টি নেওয়ার সুযোগ করে দেন রেফারি। এবার আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি চালহানোলু।
এরপর গোল করার কয়েকটা সুযোগ পেলেও ব্যর্থ হয় জুভেন্টাস। এই জয়ে নিজেদের লিগ ধরে রাখার আশাটা আরেকটু উজ্জ্বল করল ইন্টার। ওদিকে ৩১ ম্যাচে ৫৯ পয়েন্ট পাওয়া জুভেন্টাসের লিগ পুনরুদ্ধারের আশা আরেকটু ফিকে হয়ে গেল।
৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে নাপোলি। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা এসি মিলান আছে দুই নম্বরে। ৬৩ পয়েন্ট জোগাড় করা ইন্টার আছে ঠিক এর পরেই।