ইতালির বিপক্ষে হ্যাজার্ড–ব্রুইনাকে পাবে বেলজিয়াম?
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। ফুটবলে বড় সাফল্যের স্বপ্ন দেখা এই বেলজিয়ামের বড় পরীক্ষাই শেষ আটে ইতালির বিপক্ষে ম্যাচটি। কিন্তু সে ম্যাচে নামার আগে দলের দুই সেরা তারকার চোট দুশ্চিন্তায় ফেলেছে তাদের।
কেভিন ডি ব্রুইনা আর এদেন হ্যাজার্ড চোটে পড়েছেন। পর্তুগালের বিপক্ষে মাঠে ছিলেন দুজনই। ম্যাচের প্রথমার্ধেই হাঁটুতে চোট পান ব্রুইনা। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে তুলে নিতে হয় তাঁকে। ম্যাচের শেষের দিকে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ থেকে উঠে যান হ্যাজার্ডও। বুধবার তাঁরা দলের সঙ্গে অনুশীলনও করেননি। ইতালির বিপক্ষে তাঁদের পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের মেডিকেল স্টাফরা। কোচ রবার্তো মার্তিনেজের কথাতেও তাঁদের পাওয়া নিয়ে শঙ্কা। কোচ জানিয়েছেন, তিনি এ দুই তারকাকে খেলানোর ব্যাপারে ‘শেষ মুহূর্ত’ পর্যন্ত অপেক্ষা করবেন, ‘আমরা ডি ব্রুইনা আর হ্যাজার্ডের চোট নিয়ে সময়ের আগে দৌড়াতে চেষ্টা করছি। এটা একটা লড়াই। ম্যাচ শুরুর আগমুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর সিদ্ধান্ত নেব, তারা খেলতে পারবে কি না!’
চিকিৎসকদের কথাও এখানে বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন মার্তিনেজ, ‘আগামীকাল এ ব্যাপারে চিকিৎসকেরা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। এরপর আমরা সিদ্ধান্ত নেব কী করা যায়!’
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোখের নিচের হাড়ে বাজে চোট পেয়েছিলেন ডি ব্রুইনা। ইউরোতে তাঁর খেলাও অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তাঁকে স্কোয়াডে রাখা হয়। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দারুণ এক গোলও করেন। হ্যাজার্ডও চোট নিয়ে ইউরোতে এসেছিলেন। প্রথম দিকের ম্যাচগুলো বদলি হিসেবে খেললেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ছিলেন একেবারে শুরু থেকে, অধিনায়ক হয়েই। এখন ইতালির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এ দুজন যদি খেলতে না পারেন, তাহলে সেটি হবে বেলজিয়ামের জন্য বড় আঘাতই।
ডি ব্রুইনা বেলজিয়ামের মাঝমাঠের মেরুদণ্ড। হ্যাজার্ড আক্রমণভাগের প্রাণভোমরা। তবে পুরোপুরি ফিট না হলে তাঁদের খেলানোর পক্ষে নন কোচ মার্তিনেজ। তবে চেষ্টাটা চলবে বলেই জানিয়েছেন তিনি, ‘আমরা প্রতিদিনই তাঁদের ফিট করে তোলার চেষ্টা করব।’ এ দুজনের বিকল্পও ভেবে রেখেছেন মার্টিনেজ। হ্যাজার্ডের জায়গায় আতলেতিকো মাদ্রিদের ইয়ানিক কারোসকো ও ডি ব্রুইনার জায়গায় নাপোলির ড্রাইস মার্টেনস।
ইতালির বিপক্ষে একটু রয়ে-সয়েই খেলতে চান বেলজিয়াম কোচ। শুরু থেকে অতিরিক্ত আক্রমণাত্মক হলে না আবার তার খেসারত দিতে হয়, ‘প্রথম মিনিট থেকেই আক্রমণে গেলে তারা সুসংগঠিত হয়ে যাবে।’ তবে মার্টিনেজের প্রতি আক্রমণনির্ভর পরিকল্পনার বড় অংশজুড়ে ডি ব্রুইনার নাম। তাঁকে পাওয়া নিয়েই তো শঙ্কা।’
তবে ডি ব্রুইনা খেলবেন, তা ধরে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে ইতালি। চেলসিতে খেলায় ভালো করেই ডি ব্রুইনা সম্পর্কে জানা আছে জর্জিনহোর। গত মাসেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডি ব্রুইনার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছেন তিনি। জর্জিনহো তাই ডি ব্রুইনার বিপদটা জানেন, ‘ডি ব্রুইনা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। তাকে আমাদের থামাতে হবে। কারণ, সে সব সময় জায়গা তৈরি করে নেয়। আসলেই সে ভয়ংকর খেলোয়াড়।’