ইতালির সামনে প্রত্যয়ী বেলজিয়াম

ছয় বছর আগে হলেও ফেবারিটের নাম চোখ বন্ধ করে বলে দেওয়া যেত। ইতালি তখন বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাঙ্কিংয়ে চার নম্বর দল আর ধুঁকতে থাকা বেলজিয়ামের র্যাঙ্কিং ৬৬। সেই বেলজিয়াম এখন র্যাঙ্কিংয়ের দুইয়ে, আর ইতালি ১২-তে। দলীয় শক্তির বিচারেও বেলজিয়াম এখন পরিষ্কার ব্যবধানে এগিয়ে। উল্টো দিকে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে হারিয়ে ইতালি অনেকটাই খর্বশক্তির। আজকের ম্যাচটা দুই দলকেই তাই দাঁড় করিয়ে দিচ্ছে বিপরীত মেরুতে।
দলবদলের অঙ্কের হিসাবে এবারের ইউরোতে সবচেয়ে দামি দল বেলজিয়াম কাগজে-কলমের হিসাবেও সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। বড় টুর্নামেন্টে এখনো সেভাবে কিছু করতে পারেনি। বেলজিয়ান সোনালি প্রজন্মের সম্ভবত এটাই সেরা সুযোগ। হ্যাজার্ড, লুকাকু, ডি ব্রুইনদের নিয়ে গড়া আক্রমণভাগ যাদের, নিজেদের দিনে তারা যে কাউকেই হারিয়ে দিতে পারে। মিডফিল্ডার মারুয়ানে ফেলাইনি সেটিই মনে করিয়ে দিলেন, ‘আমাদের আক্রমণে দুর্দান্ত কয়েকজন খেলোয়াড় আছে। তারা ব্যবধান গড়ে দিতে পারে। আশা করছি, ওদের গোল ব্যবধান গড়ে দেবে। আর জয় দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ।’
ইতিহাস অবশ্য বেলজিয়ামকে আশা দেখাবে। গত নভেম্বরেই পিছিয়ে পড়েও ইতালিকে ৩-১ গোলে হারিয়েছিল বেলজিয়াম। কিন্তু বেলজিয়াম কোচ মার্ক উইলমটস ভুলে যাচ্ছেন না যে সেটি ছিল প্রীতি ম্যাচ। বরং প্রথম ম্যাচেই ইতালির সামনে পড়তে হওয়াটাই তাঁর জন্য অস্বস্তির, ‘সত্যি বলতে কী, এই ম্যাচটা গ্রুপের তিন নম্বর ম্যাচ হলেই ভালো হতো। তবে এখন আমাদের সেটিরই মুখোমুখি হতে হবে। হেরে গেলে পরের দুই ম্যাচে চাপ অনেক বেড়ে যাবে। আর জিতলে সেটা হবে একঝলক স্বস্তির হাওয়া।’
ইতালির স্ট্রাইকার এডারও নভেম্বরের সেই ম্যাচের শিক্ষাটা কাজে লাগাতে চান, ‘নিজেদের সীমাবদ্ধতা বোঝার জন্য ওই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা নতুন একটা টুর্নামেন্ট, আমাদের কাজটা আরও কঠিন। তবে আমরা এখন তৈরি।’ আর ইতালির আরেক স্ট্রাইকার সিরো ইমমোবিলে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করলেও বেলজিয়ামকে ভয় পাচ্ছেন না, ‘তাদের সমীহ করতে হবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই।’
ইতালির কোচ আন্তোনিও কন্তের মূল চিন্তা এই আক্রমণভাগ ও মধ্যমাঠ নিয়েই। চোটের জন্য দুই মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও ক্লদিও মার্কিসিও নেই, আক্রমণেও পরীক্ষিত একজন স্ট্রাইকারের অভাব। তবে কিয়েলিনি, বোনুচ্চি, বারজালিকে নিয়ে গড়া ‘জুভেন্টাসের রক্ষণদেয়াল’ ভেদ করা সহজ হবে না। বেলজিয়াম উইঙ্গার ড্রায়েস মের্টেনস তাই সতর্ক, ‘ইতালির দলটা ভালো। ওদের রক্ষণ খুবই শক্তিশালী, সেই সঙ্গে খুব দ্রুত রক্ষণ থেকে আক্রমণে যেতে পারে ওরা।’
দুই দলই যেভাবে সমীহ করছে পরস্পরকে, তাতে ম্যাচটা না আবার অতিরক্ষণাত্মক ফুটবলের প্রদর্শনী হয়ে যায়! এএফপি, রয়টার্স।