ইতালিয়ান কোচের জন্য সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে পরশু রাতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার। এই খুনের পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইতালিয়ান কোচ ফাবিও লোপেজের জন্য বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাফুফে। শুধু লোপেজই নন, তাঁর দুই ইতালিয়ান কোচিং স্টাফ—সহকারী কস্টানটিনো জুকারিনি ও ট্রেনার অ্যাঞ্জেলো পাভিয়াকেও সতর্কতার সঙ্গে চলাফেরার অনুরোধ করা হয়েছে।
বর্তমানে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বিকেএসপির আবাসিক ক্যাম্পে আছেন এই তিন ইতালিয়ান। ইতালিয়ান নাগরিক খুনের ঘটনার পর থেকেই তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে কোচদের সঙ্গে কথা বলেছেন বাফুফের সংশ্লিস্ট ব্যক্তিরা। বিকেএসপির বাইরে কোথাও যেতে চাইলে বাফুফেকে জানিয়েই যেতে বলা হয়েছে, যাতে নিরাপত্তার ব্যবস্থা করা যায়। বিকেএসপির মহাপরিচালককেও কোচের নিরাপত্তার বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে। ঢাকায় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে থাকা জার্মান গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলারকেও একইভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাফুফে।