ইতালি-অভিষেকেই পেল্লের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে মনে স্বপ্নটা হয়তো অনেক দিন ধরেই বুনে আসছিলেন। গ্রাজিয়ানো পেল্লের স্বপ্ন পূরণ হতে একটু বেশিই সময় লেগে গেল। তবে সুযোগটা কিন্তু দুই হাত ভরেই নিয়েছেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার। পরশু ইতালির জার্সি গায়ে অভিষেকেই পেয়েছেন গোল। পেল্লে তো খুশি হবেনই, তবে মাল্টার বিপক্ষে ১-০ গোলের জয়ে ইতালির তা হওয়ার কথা নয়।
ডাচ ক্লাব ফেইনুর্দের হয়ে দুই মৌসুম ধরেই আছেন দুর্দান্ত ফর্মে। কিন্তু জাতীয় দলে আর সুযোগ মিলছিল না। দুর্দান্ত ফর্মটাকে এবার যখন ইংলিশ ক্লাব সাউদাম্পটনেও টেনে নিয়ে এলেন, পেল্লেকে আর উপেক্ষা করতে পারলেন না কোচ আন্তোনিও কন্তে। ১৮ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন পেল্লে। কিন্তু তাঁর হেড ফিরে আসে ক্রসবারে লেগে। মিনিট পাঁচেকের বেশি এ নিয়ে ভুগতে হয়নি তাঁকে। জটলা থেকে বল পেয়ে জালে জড়িয়ে দিলেন পেল্লে। বাকি সময়ে উল্লেখযোগ্য ঘটনা বলতে ইতালির একাধিক সুযোগ নষ্ট করা এবং মাল্টার মিফসুড ও ইতালির বনুচ্চির লাল কার্ড।
এমন একটা অভিষেকে পেল্লের উল্লাসে ভেসে যাওয়ারই কথা। তবে তাঁর কণ্ঠে ফুটে বেরোল অতৃপ্তিই, ‘আমি আরও সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে না পারাটা লজ্জাই। আমি গোল করতে পেরে খুশি, তবে আরও ভালো করতে পারতাম।’
প্রথম তিন ম্যাচে নরওয়ে, আজারবাইজান ও মাল্টার সঙ্গে জয়—কন্তের ইতালি-অধ্যায়টা ভালোই কাটছে। তবে ইতালির নতুন কোচ সতর্ক করে দিচ্ছেন, পরের ম্যাচেই শেষ হয়ে যেতে পারে মধুচন্দ্রিমা। আজ্জুরিদের পরের প্রতিপক্ষ যে ক্রোয়েশিয়া, তিন ম্যাচে তাদেরও তিনটি জয়। এএফপি।

ইউরো ২০১৬ বাছাইপর্ব
এক নজরে
আইসল্যান্ড ২ : ০ হল্যান্ড
মাল্টা ০ : ১ ইতালি
বসনিয়া ১ : ১ বেলজিয়াম
নরওয়ে ২ : ১ বুলগেরিয়া
ক্রোয়েশিয়া ৬ : ০ আজারবাইজান
কাজাখস্তান ২ : ৪ চেক প্রজাতন্ত্র
লাটভিয়া ১ : ১ তুরস্ক
অ্যান্ডোরা ১ : ৪ ইসরায়েল
ওয়েলস ২ : ১ সাইপ্রাস
* শুরুতে স্বাগতিক দল