ইতালি-হল্যান্ডের দুরকম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোর বাছাইপর্বের শুরুতেই চেক প্রজাতন্ত্রের কাছে হার। ম্যাচ শেষে হল্যান্ড অধিনায়ক রবিন ফন পার্সিকে পেয়ে বসল রাজ্যের বিষণ্নতা  l রয়টার্স
ইউরোর বাছাইপর্বের শুরুতেই চেক প্রজাতন্ত্রের কাছে হার। ম্যাচ শেষে হল্যান্ড অধিনায়ক রবিন ফন পার্সিকে পেয়ে বসল রাজ্যের বিষণ্নতা l রয়টার্স

ছোট দেশের বড় তারকা হওয়ার যে কষ্ট সেটা উপলব্ধি করেছেন জর্জ বেস্ট-উইয়াহরা। টের পাচ্ছেন গ্যারেথ বেলও। রিয়াল মাদ্রিদের ওয়েলশ উইঙ্গার ব্রাজিল বিশ্বকাপ দেখেছেন দর্শকের চোখে। বেল সেই কষ্টটা একটু হলেও হালকা করতে চান দুই বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপে খেলে। কিন্তু ওয়েলস কি বাছাইপর্ব পেরোতে পারবে?

২০১৬ ইউরোতে ১৬ থেকে বাড়িয়ে দলের সংখ্যা করা হয়েছে ২৪। বেল তাই আশাবাদী যে ওয়েলসকে ২৪ দলের অন্যতম হিসেবে নিয়ে যেতে পারবেন। পরশু বাছাইপর্বের প্রথম ম্যাচেই জোড়া গোল করে সেই আশায় রং চড়ালেন বেল নিজেই। প্রথমে পিছিয়ে পড়েও ওয়েলস ২-১ গোলে হারিয়েছে অ্যান্ডোরাকে।

২২ মিনিটে সমতা আনার পর বেল দলকে জয় এনে দিয়েছেন ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে। প্রতিযোগিতামূলক ম্যাচে অ্যান্ডোরা সর্বশেষ জিতেছে ২০০৪ সালে, মেসিডোনিয়ার বিপক্ষে। এর পর ৫১ ম্যাচে জয়হীন। এই দলের বিপক্ষে ওয়েলসের জয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া বেলের কারণেই। নয়তো পরশু ইউরো বাছাইয়ে জিতেছে বর্তমান রানার্সআপ ইতালিও। আন্তোনিও কন্তের দল নরওয়েতে গিয়ে নরওয়েকে হারিয়েছে ২-০ গোলে। গোল করেছেন তরুণ জাজা ও বোনুচ্চি। হল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয়ের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেও জয়—জাতীয় দলের কোচ হিসেবে কন্তের যাত্রাটা হলো দুর্দান্ত। সাবেক জুভেন্টাস কোচই বলেছেন, ‘৯ দিন হলো শুরু করেছি। এরই মধ্যে দারুণ কিছু করেছি।’ তবে পরশু ইউরো বাছাইয়ে সবচেয়ে বড় ঘটনাটা ঘটিয়েছে চেক প্রজাতন্ত্র। নিজেদের মাঠে চেক ২-১ গোলে হারিয়েছে বিশ্বকাপে তৃতীয় হওয়া হল্যান্ডকে।

লুই ফন গালের অধীনে ব্রাজিলে চমক দেখানো হল্যান্ডই গাস হিডিঙ্কের হাতে পড়ে খাবি খাচ্ছে! দ্বিতীয় মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর হিডিঙ্কের শুরুটা হয়েছে ইতালির সঙ্গে প্রীতি ম্যাচে ২-০ গোলের হার দিয়ে। হার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেও। আর ইউরো বাছাইয়ের শুরুতেই হারটা ডাচদের জন্য বড় ধাক্কা। চেকরা প্রথমে এগিয়ে গেলেও ৫৫ মিনিটে রোবেন-হান্টেলারবিহীন হল্যান্ডকে সমতায় ফেরান ডি ভ্রাই। কিন্তু যোগ করা সময়ে গোল করে চেককে জয় এনে দিয়েছেন বদলি নামা ভাসলাভ পিলার। ডাচ ডিফেন্ডার ড্যারিল ইয়ানমাট অবশ্য এই গোলের দায় এড়াতে পারেন না। এভাবে গোল খাওয়ায় কোচ হিডিঙ্ক ক্ষুব্ধ।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সরাসরি উঠবে চূড়ান্ত পর্বে। তৃতীয় দলকে খেলতে হবে প্লে-অফ। ফলে শুরুর এই হারের পরও ‘এ’ গ্রুপ থেকে হল্যান্ডের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে সমস্যা হওয়ার কথা নয়। যেটা হতে পারে বসনিয়া ও তুরস্কের জন্য। ব্রাজিল বিশ্বকাপে খেলা বসনিয়া নিজেদের মাঠে হেরেছে সাইপ্রাসের কাছে (২-১)। আইসল্যান্ডের কাছে তুরস্ক হেরেছে ৩-০ গোলে। এএফপি।

এক নজরে

চেক প্রজাতন্ত্র ২ : ১ হল্যান্ড

   আইসল্যান্ড ৩ : ০ তুরস্ক

     অ্যান্ডোরা ১ : ২ ওয়েলস

       বসনিয়া ১ : ২ সাইপ্রাস

   ক্রোয়েশিয়া ২ : ০ মাল্টা

       নরওয়ে ০ : ২ ইতালি

* প্রথমে স্বাগতিক দল