ইতালীয় কোচকে রাখতে পারল না ব্রাদার্স

কোচ নিয়ে ‘শনির দশা’ ব্রাদার্স ইউনিয়নের। এই মৌসুমে প্রথমে কোচ হিসেবে সৈয়দ নঈমুদ্দিনকে পেতে চেয়েছিল তারা। কিন্তু বাংলাদেশের সাবেক কোচ শেষ পর্যন্ত যোগ দেন মোহামেডানে। এরপর কলকাতা থেকেই এসেছিলেন সুব্রত ভট্টাচার্য। কিন্তু ফেডারেশন কাপে বাজে পারফরম্যান্সের পর তাঁকে আর রাখেনি গোপীবাগের দলটি। অনেক আশা করে ইতালিয়ান কোচ জিওভান্নি স্কানুকে এনেও ধরে রাখতে পারল না। মায়ের অসুস্থতার কারণে বাংলাদেশে আর থাকা হচ্ছে না স্কানুর।
এক মাসের মতো ছিলেন স্কানু। চুক্তি ছিল এ বছরের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু অসুস্থ মায়ের পাশে থাকতে চান তিনি। প্রথম আলোকে বলেছেন, ‘আগে মা, আমি এখন তাঁর পাশেই থাকতে চাই। তাঁর অপারেশন হয়েছে। এখনো ৪০-৪৫ দিন হাসপাতালেই থাকতে হবে।’
শেখ রাসেলের সঙ্গে প্রিমিয়ার লিগে ব্রাদার্স গোলশূন্য ড্র করার পরপরই ঢাকা ছাড়েন স্কানু। ম্যানেজার আমের খান বলেছেন, স্কানু-অধ্যায় শেষ হয়ে গেছে বলে দেওয়াই যায়। মায়ের অসুস্থতার কারণে সে থাকতে পারছে না। আমরা এখন নতুন কোচের সন্ধান করব।’
প্রিমিয়ার লিগে ব্রাদার্স এখনো কোনো জয় পায়নি। প্রথম দুই ম্যাচে টিম বিজেএমসি ও শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর তৃতীয় ম্যাচে হেরেছে রহমতগঞ্জের কাছে। এখন পর্যন্ত লিগে গোলের খাতা খুলতে পারেনি ঢাকার ফুটবলে একসময় আবাহনী-মোহামেডানের পরপরই বড় দল হিসেবে পরিচিতি পাওয়া এই ক্লাব।
খুব খারাপ কোচ ছিলেন না স্কানু। ক্যারিয়ার বেশ দীর্ঘই। কোচিং করিয়েছেন ইতালি, লিথুয়ানিয়া, নাইজেরিয়া, ব্রাজিল ও হাঙ্গেরির বিভিন্ন ক্লাবে।