ইতিহাদে নতুন ইতিহাস

ক্যালেন্ডারের পাতায় এখনই দাগ কেটে রাখুন—১৫ মার্চ, বাংলাদেশ সময় রাত পৌনে দুইটা। মোনাকোর মাঠ স্তাদ লুইস টুতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে ম্যানচেস্টার সিটি।
২০ দিন আগেই ক্যালেন্ডারে দাগ কাটতে বলছে দুই দলের প্রথম লেগের রোমাঞ্চকর ফল। ৮ গোল, ১০ হলুদ কার্ড, একটি পেনাল্টি বাঁচানো, ৯০ মিনিটজুড়ে মাঠের এ মাথা-ও মাথা আক্রমণ, আর নিখাদ দুই স্ট্রাইকারের (আগুয়েরো ও ফ্যালকাও) জ্বলে ওঠা—ফুটবল যেন পরশু সিটির মাঠ ইতিহাদে নেমে এসেছিল তার অকৃত্রিম রূপে। হিসাব কষা নিখুঁত ফুটবল হয়নি, কিন্তু তাতেও বছর দু-তিনেকের মধ্যে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের স্বীকৃতি এটিকে দিতে হচ্ছে।
ম্যাচের ফল, সিটি ৫-৩ গোলে হারিয়েছে মোনাকোকে। কিন্তু এটুকু বললে কমই বলা হয়। পাগুলে ম্যাচটির স্কোরলাইনটা এগিয়েছে এভাবে—(স্বাগতিক দল আগে) ১-০, ১-১, ১-২, ২-২, ২-৩, ৩-৩, ৫-৩! চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউট ম্যাচের প্রথম লেগ এর চেয়ে বেশি গোল কখনো দেখেনি। জার্মানিতে বেয়ার লেভারকুসেন ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটাও কম কী! ৬ গোলের ম্যাচে অ্যাটলেটিকো জিতেছে ৪-২ গোলে।
প্রতিক্ষের মাঠে ৪ গোল করে ফেলায় ঘরের মাঠে দ্বিতীয় লেগ নিয়ে দুর্ভাবনা নেই ডিয়েগো সিমিওনের। কিন্তু পেপ গার্দিওলা স্বস্তি পাচ্ছেন না। হারলেও মোনাকো যে তিন-তিনটি ‘অ্যাওয়ে’ গোল করেছে। দ্বিতীয় লেগে তাই একটাই অস্ত্র দেখছেন সিটি কোচ—আক্রমণ, ‘মোনাকোতে যত বেশি সম্ভব গোল করতে চাইব আমরা। এই ফল নিয়ে আমরা শুধুই রক্ষণ করব না। যদি মোনাকোতে একটা গোল করতে না পারি, আমরা বাদ পড়ে যাব।’
গার্দিওলার শেষ বাক্যে দুটি আভাস আছে। এক, মৌসুমে এ নিয়ে ১১১ গোল করা মোনাকো আক্রমণভাগের শক্তি তাঁর ভালোই জানা। দুই, নিজের দলের রক্ষণ নিয়ে এখনো উদ্বিগ্ন সিটি কোচ। পরশু তিনটি গোলই যে সিটি খেল রক্ষণের দোষে।
২৭ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথমে এগিয়ে যাওয়া সিটিজেনদের পাঁচ মিনিট পরই সমতায় টেনে নামায় রাদামেল ফ্যালকাওয়ের গোল! ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিতে বিস্মৃতির লাল-নীল অধ্যায় মুছে নিজেকে নতুন করে ফিরে পাচ্ছেন একসময়ের বিশ্বসেরা স্ট্রাইকার। পরশু করলেন ২ গোল, মৌসুমে তাঁর ২১ ও ২২তম। দুর্দান্ত ডাইভিং হেডে প্রথম গোলটিতে মোনাকোকে সমতায় ফেরান, আর ফ্রেঞ্চ ক্লাবটিকে ৩-২-এ এগিয়ে নেওয়া তৃতীয়টি তো চোখে মায়াঞ্জন আঁকে—বক্সের মধ্যে বল পেয়ে অবিশ্বাস্য চিপ! হ্যাটট্রিকও পেতে পারতেন, কিন্তু মোনাকো ২-১ গোলে এগিয়ে থাকার সময় তাঁর পেনাল্টি ঠেকিয়ে দেন সিটি গোলকিপার উইলি কাবায়েরো। মোনাকো কোচ লিওনার্দো জার্দিমের চোখে যেটি ম্যাচের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত’।
সিটিও অবশ্য একটি পেনাল্টি পেতে পারত। প্রথমার্ধে ১-১ সমতায় থাকার সময় সার্জিও আগুয়েরোকে বক্সে ফেলে দেন মোনাকো গোলকিপার ড্যানিয়েল সুবাসিচ। সবাই ভাবছিলেন পেনাল্টি তো বটেই, সুবাসিচ লাল কার্ডও দেখছেন। কিন্তু রেফারি বের করলেন হলুদ কার্ড—আগুয়েরোর জন্য! খানেক পরই মোনাকোকে ২-১-এ এগিয়ে দেন ‘নতুন থিয়েরি অঁরি’ কিলিয়ান বাপ্পে।
দ্বিতীয়ার্ধে গোল ৫টি। ফ্যালকাওয়ের ওই দুর্দান্ত চিপের আগে-পরে সার্জিও আগুয়েরো দুই গোল করে সিটিকে দুবার সমতায় ফেরান। শেষ ১৫-২০ মিনিটে ক্লান্ত মোনাকোর বিপক্ষে সিটির হয়ে শেষ দুটি গোল করেন জন স্টোনস ও লিরয় সানে। ম্যাচের ফলে হতাশ ফ্যালকাও, ‘হয়তো আমরা আরেকটু বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে পারতাম। এটা হতাশার, তবে আমরা ম্যাচটা শেষ করে আসতে পারিনি।’
ম্যাচ নয়, পুরো টাই-ই শেষ করার জন্য আরও ৯০ মিনিট তো আছেই। এএফপি, গার্ডিয়ান।
এক নজরে
লেভারকুসেন ২: ৪ অ্যাটলেটিকো
ম্যান সিটি ৫: ৩ মোনাকো
* স্বাগতিক দল প্রথমে